আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের ডিউটিতে থাকা পুলিশ ও জওয়ানদের নিয়ে ফিরছিল বাস। শনিবার সকালে বাসটি মধ্যপ্রদেশের বেতুল জেলায় দুর্ঘটনায় পড়ে। জানা গেছে, ভোপাল–বেতুল জাতীয় সড়কের বরেঠা ঘাটে উল্টোদিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আহত হন ২১ জন। তার মধ্যে পুলিশ কর্মী ছাড়াও হোমগার্ডের দায়িত্বে থাকা জওয়ানরা ছিলেন।
প্রসঙ্গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোট শেষ হয়েছে। ভোটের ডিউটি সেরে জওয়ানরা রাজগড়ে নিজেদের বাড়িতে ফিরছিল। শনিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে বাসটিতে ৪০ জন ছিলেন। তার মধ্যে পাঁচ জন পুলিশ কর্মী ও বাকিরা হোমগার্ডের ডিউটিতে থাকা জওয়ান। ছিন্দওয়াড়ার নির্বাচনী ডিউটি থেকে তাঁরা ফিরছিলেন। জানা গেছে দুর্ঘটনায় আহত ২১ জনের মধ্যে আট জনের আঘাত গুরুতর। তাঁরা বেতুলের জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সামান্য চোট পাওয়া জওয়ানরা শাহপুর হাসপাতালে চিকিৎসাধীন।