আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসে প্রেমিকা। যুবক সেই মহিলাকে কিছু আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। প্রাক্তন প্রেমিকের ব্ল্যাকমেলের জেরে নিজের দাদা ও বৌদিকে সঙ্গে নিয়ে বিবাহিতা মহিলা, যুবককে খুন করেন বলে অভিযোগ। পরিচয় গোপন করার উদ্দেশ্যে মৃতদেহের মুখ অ্যাসিড দিয়ে বিকৃত করে ফেলা হয়। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের বালিয়া জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম পঙ্কজ গুপ্ত। তিনি আজমগড় জেলার বাসিন্দা। তদন্তকারীরা জানিয়েছেন, প্রতিবেশী গ্রামের এক বিবাহিতা মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই মহিলা সম্পর্কটি শেষ করতে চাইলে পঙ্কজ ব্যক্তিগত ও অশালীন ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। বারবার হুমকি ও মানসিক চাপ বাড়ায় মহিলা ঘটনাটি তাঁর দাদা ও বৌদির কাছে জানান।
পুলিশের দাবি, এরপর অভিযুক্তরা একটি পরিকল্পনা করেন। ৫ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানের সময় তাঁরা খুনের ছক কষেন। ৭ ফেব্রুয়ারি পঙ্কজকে একটি অজুহাতে গ্রামে ডেকে আনা হয়। সেখানে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। খুনের পর মৃতদেহের পরিচয় গোপন করতে যুবকের মুখ অ্যাসিড ঢেলে বিকৃত করে ফেলা হয়। ১০ ফেব্রুয়ারি বিকৃত মুখের এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের মাধ্যমে ধীরে ধীরে ঘটনার সূত্র উদ্ঘাটিত হয় এবং নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।
জেলার পুলিশ সুপার ওম বীর সিং জানিয়েছেন, “পঙ্কজ গুপ্ত ওই মহিলাকে হয়রানির মুখে ফেলেছিলেন। বিষয়টি জানতে পেরে মহিলার পরিবারের সদস্যরা যুবককে ডেকে এনে খুন করেন।পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দু’জন পলাতক।”
গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পলাতকদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
