আজকাল ওয়েবডেস্ক: প্রদ্যোত দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রা মোথা পার্টি (টিএমপি) 'ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল' নির্বাচনে বিশাল জয় পেয়েছে। এই জয়ের মাধ্যমে দলটি রাজ্যের উপজাতি রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল, Pradyot Debbarm। সেই সঙ্গেই পোক্ত হল‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর প্রতি এই রাজনৈতিক দলের অঙ্গীকার। বিজেপি এই নির্বাচনে মাত্র চারটি আসনে জয়লাভ করেছে।
রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, উপজাতি-ভিত্তিক তিপ্রা মোথা পার্টি, কাউন্সিলের ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই জয়লাভ করেছে। উল্লেখ্য, এই কাউন্সিল ত্রিপুরার ভৌগোলিক এলাকার প্রায় ৭০ শতাংশের প্রশাসনিক দায়িত্ব পালন করে এবং এখানে প্রায় ১৫ লক্ষ মানুষের বসবাস। বাকি চারটি আসন বিজেপির দখলে। অন্যদিকে, সিপিআই(এম) এবং কংগ্রেস টানা দ্বিতীয়বারের কাউন্সিলের ভোটে কোনও আসনেই জয়লাভে ব্যর্থ।
রাজ্য সরকারে, বিজেপি এবং টিএমপি একে অপরের জোটসঙ্গী। তবুও কাউন্সিলের নির্বাচনে এই দুই দল একে অপরের বিরুদ্ধে লড়েছিল।
২০২০ সালে প্রাক্তন রাজবংশীয় উত্তরাধিকারী প্রদ্যোত দেববর্মা 'তিপ্রা মোথা পার্টি' তৈরি করেন। তারপর কাউন্সিলের ভোটে টানা দ্বিতীয় বার জয় পেল এই দল। এই বিজয়, ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীর মধ্যে দলটির অব্যাহত আধিপত্যকেই পুনরায় প্রতিষ্ঠিত করেছে।
বিপুল জয়ের পর প্রদ্যোত দেববর্মা বলেন, এই ফলাফল তাঁর দলের দায়িত্ব ও কর্তব্যকে আরও বাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে তিনি শান্তি ও ঐক্যের আহ্বান জানান।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রদ্যোত দেববর্মা লিখেছেন, “ঘৃণার ওপর ভালোবাসার জয় হয়েছে। আমি বিজয়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেন ‘দফা’ (উপজাতি সমাজ), রাজ্য এবং দেশের কল্যাণে কাজ করে যান। সাধারণ মানুষই অসাধারণ সব কাজ করে থাকেন। আমি সকলের কাছেই এই আবেদন রাখছি যে, আমাদের ‘দফা’ এবং আগামী প্রজন্মের স্বার্থে - আমাদের এই ছোট্ট রাজ্যে যেন কোনও প্রকার হিংসা বা সংঘাতের ঘটনা না ঘটে।”
টিএমপি-কে অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিপ্রা মথা পার্টিকে নির্বাচনে তাদের এই বিপুল জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় সাহা লিখেছেন, 'ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তার সাহস, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য আমি তাঁদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।'
কাউন্সিলের ভোট গত ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। ভোট পড়ে ৮৩.৫০ শতাংশ। ভোটদানের এই পরিসংখ্যান, ২০২১ সালের নির্বাচনে রেকর্ডকৃত ৮১ শতাংশ ভোটের চেয়ে বেশি। এবারের নির্বাচনে মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন।
২০২১ সালের কাউন্সিলের নির্বাচনে, তিপ্রা মোথা ৪৬.৭০ শতাংশ ভোট পেয়ে ১৮টি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, বিজেপি ২৯.৩০ শতাংশ ভোট পেয়ে ৯টি আসনে জিতেছিল।















