আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে তামিলনাড়ুতে বিধানসভা নিবার্চন। সেই উপলক্ষে মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তামিল নববর্ষের দিন পদ্ম শিবিরের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ইস্তেহার প্রকাশ করেন। তাঁর কথায়, "বিশ্বের প্রাচীনতম সভ্যতার আঁতুরঘর আমাদের এই তামিলনাড়ু। আজ সেই সভ্যতার নতুন বছর শুরু হচ্ছে। নববর্ষের পাশাপাশি আজ আম্বেদকরের ১৫০ তম জন্মদিনও। এই পুণ্যতিথিতে প্রকাশ পেল আমাদের ইস্তেহার। যে ইস্তেহার দুর্নীতির কাল হাত ভাঙার কথা বলছে, মহিলাদের সুরক্ষার কথা বলছে।"
বিজেপি ইস্তেহারে জানিয়েছে, মহিলাদের প্রতি মাসে দু'হাজার টাকা করে দেওয়া হবে। বছরে তিনটে বিনামূল্যের এলপিজি সিলিন্ডারের পাশাপাশি বছরে এককালীন দশ হাজার টাকা করেও তাঁরা পাবেন। ইস্তেহার থেকে আরও জানা যায় যে, যদি কোনও মহিলা ইলেক্ট্রিক স্কুটি কেনেন, তাহলে ২৫ হাজার টাকা সরকারি ভর্তুকি পাবেন। এছাড়া, যাঁরা পশু পালন করেন তাঁরা মাসিক দু'হাজার করে পাবেন। আর তাঁদের মধ্যে কারও হঠাৎ মৃত্যু হলে তাঁর পরিবার দশ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ পাবেন।
পাশাপাশি বিজেপি এবারে সরকার গঠন করলে, যেসব মহিলারা প্রথমবারের জন্য বাড়ি কিনছেন বা বানাচ্ছেন তাঁরা সরকারের তরফ থেকে তিন শতাংশ স্ট্যাম্প ডিউটি ছাড় পাবেন। তাছাড়া বাড়ির সমস্ত আসবাব সামগ্রী বাবদ আট হাজার টাকার কুপনের ব্যবস্থাও করা হবে বলে ইস্তেহারে বিজেপি দাবি করে। এবাদে রাজ্যের সমস্ত মন্দিরে স্থানীয়দের বিগ্রহ দর্শনের জন্য রোজ দু’ঘন্টার স্লট রাখা থাকবে। তিরুপারানকুন্দ্রম পাহাড়ের চূড়ায় প্রদীপ জ্বালানোর মতো কাজগুলো যেমন চলছে তেমনই চলবে।
বর্তমান শাসক দলকে কটাক্ষ করতেও ছাড়েননি নাড্ডা। তাঁর বক্তব্যে উঠে আশে শাসনব্যবস্থা ও আইনশৃঙ্খলার দুর্নীতিও। নাড্ডা অভিযোগ করেন তামিলনাড়ুতে মদ সংক্রান্ত অপরাধ ৫১ শতাংশ বেড়ে গিয়েছে। শাসকদলের বহু নেতাকে তিনি দুর্নীতিগ্রস্থ এবং পরিবারতন্ত্রে অভিযুক্ত করেন। রাজ্যের বহু দুর্নীতিকে আগলে রাখার জন্য চাড্ডা তামিলনাড়ুর ডিএম-কে দুর্নীতির রক্ষক বলে আখ্যা দেন।
ইস্তেহারে পুলিশি ব্যবস্থা নিয়েও নানান প্রস্তাব দেওয়া হয়েছে। জিরো এফআইআর-এর বাস্তবায়ন করার দিকে বিজেপি বেশি জোর দেবে বলে দাবি করেছে। পাশাপাশি গুরুতর অপরাধের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ব্যবস্থা করা হবে। এছাড়া নিরাপত্তার লক্ষ্যে সমস্ত সরকারি বাস, সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিতে ১০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হবে বলেও এদিন দাবি করে বিজেপি।
















