আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় রাহুল গান্ধীর মন্তব্যে জোর তরজা। গেরুয়া শিবির শুরু থেকেই এই মন্তব্যের সমালোচনা করে এসেছে। এবার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র পালটা দিয়েছেন কংগ্রেস নেতাকে।
বুধবারেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বিতর্কের মাঝে রাহুল গান্ধীর "ইডিয়ট" (মূর্খ) শব্দটি ব্যবহারের প্রসঙ্গ উত্থাপন করেন। শুধু তাই নয়, জোর দিয়ে বলেন যে, 'কোনও শিক্ষার্থীই মূর্খ বা অন্ধভক্ত নয়।' সঙ্গেই তিনি বলেন, 'প্রশ্নপত্র ফাঁস-বিরোধী কঠোর বিল আনার মাধ্যমে বিজেপি শিক্ষার্থী ও তাদের উদ্বেগের প্রতি সম্মান দেখিয়েছে।' সঙ্গেই তাঁর বক্তব্য, রাহুল গান্ধী তাঁর বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদেরই অপমান করেছেন। তিনি আরও দাবি করেন যে, '২০১৪ সালের আগে পরপর কয়েকটি সরকারই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সমস্যা মোকাবিলায় ব্যর্থ হয়েছিল।'
প্রশ্নফাঁসরোধী বিল নিয়ে আলোচনা আর সেখানেই রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে হইচই তুমুল। সেখানে রাহুল গান্ধীর মন্তব্য, তাঁর শব্দচয়ন নিয়েই বিরাট প্রশ্ন তুলে দিল গেরুয়া শিবির। বিজেপির দাবি, ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। এই পরিস্থিতিতে, রাহুলের মন্তব্য, শব্দচয়ন নিয়ে কী বলছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য? বলেন, 'আজকে লোকসভার বিতর্কে যে শব্দ, যে ভাষা ব্যবহার করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এটা প্রত্যাশিত নয় কোনও সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায়। এধরনের, কুরুচিকর, অসংসদীয় মন্তব্য থেকে তিনি নিজেকে বিরত রাখলেই পারতেন।
সংসদে বক্তৃতা রাখার সময় রাহুল গান্ধী ইডিয়টস এবং অন্ধভক্ত শবদুটি ব্যবহার করেন। তিনি মূলত তিন শ্রেণির মানুষের কথা বোঝাতে এই শব্দদুটি ব্যবহার করেছেন। এক পড়ুয়ার সঙ্গে কথোপকথন বোঝাতে গিয়েই রাহুল এই দুটি শব্দ ব্যবহার করেন। রাহুলের বক্তব্যের মাঝেই কিরেণ রিজিজু আপত্তি তোলেন। তাঁর বক্তব্য থেকে অসংসদীয় শব্দদুটি মুছে ফেলার দাবি জানান রাজনাথ সিংও।
















