আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল ট্রেনে খাবার খেতেই ঠোঁট ফুলে ঢোল। চরম বিপত্তি যাত্রীর। বন্দে ভারত এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ এক মা ও শিশু! বারাণসী থেকে দেওঘর যাওয়ার পথে ট্রেনের খাবার খেয়ে এক মহিলা যাত্রী গুরুতর অ্যালার্জিতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর দু’বছরের সন্তানও ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে।

আয়ুষী সিং নামে ওই যাত্রী জানিয়েছেন, গত ২৭ মার্চ তিনি বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসের ই-১ কোচে যাচ্ছিলেন। ট্রেনের দেওয়া দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অস্বস্তি শুরু হয়। মুখ ও ঠোঁট ভয়াবহ ভাবে ফুলে ওঠে। সমাজমাধ্যমে সেই ফোলা মুখের ছবি ও চিকিৎসকের প্রেসক্রিপশন পোস্ট করে আয়ুষী দাবি করেন, সময়মতো ডাক্তার না দেখালে তাঁর জীবন যেতে পারত।

রেল মন্ত্রক ও আইআরসিটিসি-কে ট্যাগ করে তিনি লেখেন, "অ্যালার্জি এতটাই ছড়িয়ে পড়েছিল যে চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসা পেতে দেরি হলে মৃত্যুও হতে পারত।"

যদিও আইআরসিটিসি এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, ওই দিনের খাবারের মান খতিয়ে দেখা হয়েছে এবং তাতে কোনও ত্রুটি মেলেনি। রেলের তরফে জানানো হয়েছে, ওই কোচের অন্য কোনও যাত্রী খাবারের মান বা পরিচ্ছন্নতা নিয়ে কোনও অভিযোগ করেননি।

রেলের এই জবাবে ক্ষোভ উগরে দিয়েছেন আয়ুষী। তিনি পাল্টা বলেন, "অন্য কেউ অসুস্থ হননি সেটা ভালো কথা। কিন্তু আমি আর আমার ছেলে তো অসুস্থ হয়েছি। ভোরে ট্রেন থাকায় বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, যা খেয়েছি ট্রেনেই খেয়েছি। কিন্তু আপনাদের কাছে সেটা বড় বিষয় নয়, কারণ আমরা একা ভুগেছি।"

প্রিমিয়াম ট্রেনের খাবারের সুরক্ষা নিয়ে আয়ুষীর এই পোস্ট এখন নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷