আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পদুচেরির বিধানসভা নির্বাচনের পর পেট্রল ও ডিজেলের দাম ব্যাপকহারে বাড়বে। এই জল্পনা তুঙ্গে। তবে, কেন্দ্র এ ধরনের ধারনা বা বিভিন্ন প্রতিবেদনকে খারিজ করে দিয়েছে। 'এক্স' প্ল্যাটফর্মে করা একটি পোস্টে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে, খুচরা জ্বালানির দাম বাড়ানোর কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় নেই।
এক্স প্ল্যাফর্মে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে লেখা হয়েছে, "ভুয়ো খবর। কিছু সংবাদ প্রতিবেদনে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, সরকারের বিবেচনায় এমন কোনও প্রস্তাব নেই।" কেন্দ্রীয় বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এ ধরনের প্রতিবেদনগুলো "উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর" এবং নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশেই প্রচার করা হচ্ছে।
একাধিক সংবাদমাধ্যম একটি 'ব্রোকারেজ নোট' উদ্ধত করে দাবি করেছিল যে, গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ থেকে ২৮ টাকা পর্যন্ত বাড়তে পারে। ওই প্রতিবেদনগুলোতে দাম বৃদ্ধির এই সম্ভাব্য বিষয়টিকে ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দামের চাপের জের বলে তুলে ধরা হয়। তবে, পেট্রোলিয়াম মন্ত্রক এইসব দাবি- জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ভারতই হল "একমাত্র দেশ", যেখানে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও গত চার বছরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি।
কেন্দ্রীয় সরকারের বিবৃতি অনুযায়ী, বিশ্ববাজারে তেলের দামের আকস্মিক ধাক্কা থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে ভারত সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো "অবিরাম পদক্ষেপ" গ্রহণ করেছে।
ভারতে খুচরো জ্বালানির দাম প্রতিদিন তেল বিপণনকারী সংস্থাগুলোর দ্বারা সংশোধন বা নির্ধারণ করা হয়। তবে, ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড বা বেঞ্চমার্কের দামে তীব্র ওঠানামা সত্ত্বেও, দীর্ঘ সময় ধরে জ্বালানির খুচরো মূল্য অপরিবর্তিতই রয়ে গিয়েছে।
এর আগে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছিল যে, দাম বৃদ্ধি থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে গিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোকে প্রতিদিন বিপুল পরিমাণ লোকসানের বোঝা বহন করতে হচ্ছে। শিল্প বিশ্লেষকদের মতে, এই লোকসানের ফলে ওই তেল সংস্থাগুলোর ত্রৈমাসিক আর্থিক ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অ্যাঞ্জেল ওয়ান-এর কমোডিটিজ বিভাগের গবেষণা শাখার ডিভিপি প্রথামেশ মাল্য অনুমান করছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান-ইজরায়েলের মধ্যে আলোচনা বা আলাপ-আলোচনা চলাকালীন সময়ে অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।
উল্লেখ্য, কলকাতায় এ দিন (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৬) প্রতি লিটার পেট্রলের দাম ১০৫.৪৫ টাকা ও ডিজেল ৯২.০২ টাকা প্রতি লিটার।















