আজকাল ওয়েবডেস্ক: বেনারস। শব্দটা শুনলেই মনে আসে পবিত্র গঙ্গা নদী। নদীর ধারে প্রাচীন ঘাট, আর ঘাটের ধারে সন্ধ্যা আরতি। ভক্তরা আসছেন, এক মনে আরতি দেখছেন, ভক্তিগীতি শুনছেন। মন শান্ত হয়ে যায় বেনারসের ঘাটে গেলে। কিন্তু এই পরিচিত দৃশ্য আচমকাই বদলে গেল। একদল লোক বেনারসের গঙ্গাবক্ষে মদ–মাংস আর উদ্দাম নৃত্য করে উৎযাপন করতে ব্যস্ত। এই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল।
ভিডিওতে দেখা যাচ্ছে একটা নৌকোয় অসংখ্য বিয়ারের ক্যান রাখা। কিছু লোক সেখান থেকে বিয়ার তুলে খাচ্ছেন। নৌকোর মধ্যেই একটা জায়গায় মাংস রান্না হচ্ছে। বিয়ারের সঙ্গে খাওয়া হবে বলে। পাশে আরও একটি নৌকো রয়েছে। সেখানে জোরে জোরে বাজছে গান। সেই গানের তালে নাচছেন দুই নৌকার লোকজন। কখনও কখনও সেই নৃত্য ছাড়াচ্ছে শালীনতার মাত্রাও।
সর্বভারতীয় সংবাদমধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনা প্রকাশ্যে আসার পরে বেনারস পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে লোকগুলিকে, তাঁদের আটক করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনাটি কী ঘটেছে তার পুরো সত্য এখনও জানা যায়নি। ভিডিওটি দেশে নাগরিক শৃঙ্খলার পাশাপাশি প্রশ্ন উঠেছে ভারতে প্রকাশ্যে মদ্যপান ঘিরেও।
ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়ার কিছু পরেই তা দ্রুত ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কিছু মানুষের মন্তব্য ‘এইরকম ঘটনা অহরহ ঘটছে দেশের আনাচে–কানাচে। পার্কে, ট্রেনে, বাসে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাত ১১টার পরে যাঁরা রাস্তায় গাড়ি চালান তাঁদের মধ্যে ৩০ শতাংশ লোকই মদ্যপ থাকেন।’ অন্যদিকে কিছু মানুষের মন্তব্য, ‘একটু মজা করলে কি গঙ্গার পবিত্রতা নষ্ট হয়ে যায়?’ অপর একজনের মন্তব্য, ‘সমস্ত নৌকোয় সিসিটিভি লাগানোর ব্যবস্থা হোক। যাঁরা গঙ্গা মায়ের পবিত্রতা নষ্ট করে তাঁদের সকলের কঠোর শাস্তি হওয়া উচিৎ।’ আর একজনের অকপট মন্তব্য, ‘আমরা একটা অহেতুক ঘটনাকে ঘিরে একটু বেশিই মাতামাতি করছি। ওদের ধরে শাস্তি দেওয়া হোক। ব্যস, মিটে গেল।’
















