আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের চাত্রা জেলার সিমারিয়া এলাকার কাছে সোমবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ে। ভয়াবহ এই ঘটনায় প্রথমে একজনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছিল।

কিন্তু পরে ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা প্রত্যেক যাত্রীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে রাজ্যের এক শীর্ষ সরকারি কর্মকর্তার তরফে। চাত্রার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘এয়ার অ্যাম্বুল্যান্সে থাকা সাতজনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিমানটি রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল।’

জানা গিয়েছে, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭.১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

ডেপুটি কমিশনার জানান, প্রায় ৭.৩০ মিনিট নাগাদ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিমারিয়ার ঘন জঙ্গলে ঘেরা বারিয়াতু পঞ্চায়েত এলাকায় সেটি ভেঙে পড়ে।

তথ্য, ওই এয়ার অ্যাম্বুলেন্স উড়ে যাচ্ছিল ঝাড়খণ্ড থেকে দিল্লির উদ্দেশে। রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফ্ট সি৯০ ওই এয়ার অ্যাম্বুলেন্স উড়ান শুরু করে সোমবার সন্ধে সাতটা এগারো মিনিট নাগাদ।

প্রথম কয়েকমিনিট সব ঠিক থাকলেও, সন্ধে ৭:৩৪ মিনিটে কলকাতার সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাঁচি থেকে উড়ান শুরু করা ওই এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে ঝাড়খণ্ডের ছত্রা জেলায়।

তথ্য, ওই এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট-ইন-কমান্ড ছিলেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত এবং সহ-পাইলট হিসেবে ক্যাপ্টেন সভরাজদীপ সিং।

যাত্রীদের তালিকায় ছিলেন- সঞ্জয় কুমার, তিনিই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ছিলেন অর্চনা দেবী (অ্যাটেনডেন্ট), ধুরু কুমার (অ্যাটেনডেন্ট), ডাঃ বিকাশ কুমার গুপ্ত (চিকিৎসক) এবং শচীন কুমার মিশ্র (প্যারামেডিক)।