আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের দাদর রেলস্টেশনে এক মহিলা পুলিশকর্মীর অসাধারণ তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল। চলন্ত লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিতে যাওয়া এক যুবককে শেষ মুহূর্তে টেনে সরিয়ে প্রাণ বাঁচান তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নেটিজেনরা ওই মহিলা পুলিশকর্মীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ২৮ বছর বয়সি ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাটি রাত ১০টা ৫৪ মিনিট নাগাদ দাদর স্টেশনের একটি প্ল্যাটফর্মে ঘটে।
সেই সময় একটি লোকাল ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ কনস্টেবল এ. নারওয়াডে দ্রুত ছুটে গিয়ে যুবকের পা ধরে টেনে রেললাইনের ধার থেকে তাঁকে নিরাপদে সরিয়ে আনেন।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই উদ্ধার অভিযান সফল হয়। সৌভাগ্যবশত, যুবকের তেমন কোনও গুরুতর আঘাত লাগেনি। পরে তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুবককে প্রয়োজনীয় কাউন্সেলিং করানো হবে এবং তাঁর মানসিক রিহ্যাবের জন্য একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানোর ব্যবস্থাও করা হবে।
এদিকে, ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। এক ব্যবহারকারী লেখেন, ‘মহিলা পুলিশকর্মী অসাধারণ কাজ করেছেন।’
আর একজন মন্তব্য করেন, ‘এমন সাহসিকতার পরিচয় দেওয়া পুলিশকর্মীর পুরো নাম প্রকাশ করা উচিত। তিনি মহিলা বা পুরুষ যেই হোন না কেন, প্রকৃত নায়কদের মানুষ চেনার সুযোগ পাওয়া উচিত।’ অন্য এক নেটিজেন লেখেন, ‘একজনের প্রাণ বাঁচানোর জন্য ওই পুলিশকর্মীকে স্যালুট।’
















