আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী কে হবেন- এ বার উত্তর জানাল এআই। এআই চ্যাটবট ‘গ্রোক’-এর উত্তরকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ইতিমধ্যেই তীব্র শোরগোল। এআই ভারতের রাজনীতি নিয়ে যে মন্তব্য করেছে, তা নিয়ে এখন সরগরম নেটপাড়া।

জানা গিয়েছে, এক জনৈক ব্যবহারকারী এআই-কে প্রশ্ন করেছিলেন, “আপনি যদি ভারতের নাগরিক হতেন, তবে প্রধানমন্ত্রী হিসেবে কাকে ভোট দিতেন?”

উত্তরে এআই সরাসরি নরেন্দ্র মোদির পক্ষে কথা বলেছে। এআই-এর মতে, কংগ্রেসের ‘পরিবারতান্ত্রিক রাজনীতি’র চেয়ে মোদি সরকারই এগিয়ে। শুধু তাই নয়, এর সপক্ষে পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, ইউপিআই-এর প্রসার এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের উত্থানের কথা তুলে ধরেছে সে। 

পাশাপাশি রাহুল গান্ধী সম্পর্কে এআই-এর মত, রাহুল 'জনকল্যাণমূলক' কাজের খামতি নিয়ে সরব হলেও প্রযুক্তি ও কর্মসংস্থানের নিরিখে মোদি সরকারই বেশি কার্যকরী। 

মোদি সরকার দীর্ঘ দিন ধরেই গান্ধী পরিবারকে ‘পরিবারতন্ত্র’ নিয়ে আক্রমণ করে আসছেন। এবার এআই-এর মুখেও সেই একই কথা শুনে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই ঘটনায় অনেকের আশঙ্কা, এআই কি তবে নিরপেক্ষতা হারাল? 
 
প্রসঙ্গত, ইলন মাস্কের সংস্থা এক্সএআই- এর তৈরি এই চ্যাটবটটি সমসাময়িক খবরের ওপর ভিত্তি করে উত্তর দেয়। সমর্থকদের দাবি, এর ফলে জটিল বিষয় সহজে বোঝা সম্ভব।  ওয়াকিবহাল মহলের মতে, সম্প্রতি ইন্টারনেটে কোনও বিশেষ প্রচারের প্রভাবেই এআই এমন উত্তর দিচ্ছে।