দীক্ষা ভুঁইয়াঃ কৃষ্ণসাগর ও সংলগ্ন সামুদ্রিক অঞ্চলে চলমান সংঘাতের জেরে বাণিজ্যিক জাহাজে কর্মরত বা সেখানে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক। শনিবার প্রকাশিত এই পরামর্শে জানানো হয়েছে, ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক।
বিদেশ মন্ত্রকের মতে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে বাণিজ্যিক জাহাজগুলির উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই হামলাগুলিতে ইতিমধ্যেই পাঁচজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে ওই অঞ্চলে কর্মসংস্থানের আগে নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, যারা সেখানে কাজ করতে যাবেন, তাঁদের নিয়োগকারী সংস্থা, জাহাজের রুট, বন্দরে প্রবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা মান বজায় রাখা হচ্ছে কি না, চিকিৎসা, উদ্ধার, দেশে ফেরানো এবং ক্ষতিপূরণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তাও নিশ্চিত করতে হবে।
এছাড়াও পরিবারের সদস্যদের ভ্রমণসূচি জানিয়ে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নাবিকদের জন্য ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA), ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জাহাজ পরিচালনাকারী সংস্থার জারি করা সব ধরনের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
কোনও জরুরি কনস্যুলার সহায়তার প্রয়োজন হলে রাশিয়া ও ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। এই সতর্কতা ২৬ জুলাই, ২০২৬ তারিখে জারি করা হয়েছে।
















