আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবায় দীর্ঘ ৮,৯৩১ দিন অতিবাহিত করার রেকর্ডকে কেবল সংখ্যার মারপ্যাঁচ বলে উড়িয়ে দিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। রবিবার লখনউতে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ শানান কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাঁর দাবি, শাসনের মেয়াদ কতদিন হল তার চেয়ে অনেক বেশি জরুরি হলো— গত সরকারের তুলনায় সাধারণ মানুষের জীবনে বা দেশের আর্থ-সামাজিক সূচকে কতটা উন্নতি হয়েছে, তা খতিয়ে দেখা।

অখিলেশ যাদব মোদি সরকারকে একগুচ্ছ তীক্ষ্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে বলেন, "বিশ্বের দরবারে আমাদের সুখ সূচক (Happiness Index) আজ কোথায়? মাথাপিছু আয়ের নিরিখে আমরা কত নম্বরে? দুর্নীতি, বেকারত্ব কিংবা পরিবেশ রক্ষার লড়াইয়ে ভারত কেন পিছিয়ে পড়ছে? এমনকি আমাদের নদী ও জলাশয়গুলোর হাল কি আগের চেয়ে ফিরেছে?" মহিলাদের নিরাপত্তা এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, উন্নয়নের আসল মাপকাঠি হওয়া উচিত মানুষের জীবনের গুণগত পরিবর্তন।

একইসঙ্গে ভারতের বর্তমান বিদেশনীতিকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে অখিলেশ দাবি করেন, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে ভারত বড় বিপদে পড়তে পারে। তাঁর মতে, প্রতিরক্ষা সরঞ্জামের জন্য একাধিক দেশের ওপর ভারতের অতি-নির্ভরতা দেশের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, "আমাদের বাজার আমরা চীনের হাতে তুলে দিয়েছি। অথচ আমাদের যুদ্ধবিমান ফ্রান্সের, যোগাযোগ ব্যবস্থা ইজরায়েলের আর অন্যান্য সরঞ্জাম রাশিয়ার। যুদ্ধ লাগলে ভারত আসলে কার সহায়তার ওপর ভরসা করবে? এই সরকার আমাদের বিদেশনীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে।"

বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সপা প্রধান। সম্প্রতি ভারতের আয়োজিত ‘মিলন’ নৌ-মহড়ায় অংশ নিয়ে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডোর আঘাতে ইরানের যুদ্ধজাহাজ 'IRIS Dena' ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি সুর চড়ান। অখিলেশের কথায়, "ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু ছিল। আজ তারা বিচ্ছিন্ন। আপনার বাড়িতে আসা অতিথির ওপর আপনার চোখের সামনে হামলা হলো, আর আপনি কেবল দাঁড়িয়ে দেখলেন? ভারত আজ রাশিয়ার মতো বন্ধুকেও পাশে পাচ্ছে না। প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে এই সরকার ভারতকে কূটনৈতিকভাবে একা করে দিচ্ছে।"

উল্লেখ্য, গত ৪ মার্চ ভারত মহাসাগরে ঘটা এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে শত্রু জাহাজ ডুবিয়েছে। ভারত মহাসাগরে ভারতের বিশেষ প্রভাব থাকা সত্ত্বেও, এই সংঘাত এবং অখিলেশ যাদবের সাম্প্রতিক তোপ মোদী সরকারের কৌশলগত অবস্থানের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিল।