আজকাল ওয়েবডেস্ক: নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রের বাসিন্দা। আহত আরও একাধিক ভারতীয় পর্যটক ভর্তি কাঠমান্ডুর হাসপাতালে। এই পরিস্থিতিতে নিহত ও আহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

 

শুক্রবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নেপালের তনহুঁ জেলায়। ভারতীয় পর্যটকবোঝাই বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে ১৫০ ফুট নীচে মারশিয়াংড়ি নদীতে পড়ে যায়। বাসটিতে ৫৯ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার বিকেলে আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

 

বাস দুর্ঘটনায় আহত আরও ১২ জনকে এয়ারলিফট করে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হসপিটালে ভর্তি করানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে, নেপালে বাস দুর্ঘটনায় মৃত ভারতীয় পর্যটকদের পরিবার পিছু দু’লক্ষ টাকা, আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। 

 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলো কপ্টারে করে দেশে ফিরিয়ে আনবে ভারতীয় বায়ুসেনা। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে আনা হবে। তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।