আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর কুড্ডালোর জেলার সেম্মানকুপ্পাম এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন ছাত্রের। কয়েকজন পড়ুয়া আহত হয়েছে বলেও খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় উল্টে যায় একটি স্কুল ভ্যান। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় স্কুল ভ্যানে পাঁচজন ছাত্র ও এক জন চালক ছিলেন। ভ্যানটি একটি রেলগেট পার হওয়ার সময় একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা মারে। ভ্যানটিকে প্রায় ৫০ মিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের ওপর পড়ে থাকা দুই ছাত্রের দেহ উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। আহত ছাত্রদের কুড্ডালোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলওয়ে ও স্থানীয় পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলটি ম্যানুয়াল কিন্তু নন-ইন্টারলকড লেভেল ক্রসিং। সেটি খোলা অবস্থায় ছিল। ভিল্লুপুরম-ময়িলাদুথুরাই প্যাসেঞ্জার সজোরে স্কুল ভ্যানটিকে ধাক্কা মারে।
প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার সময় গেটকিপার রেলগেটটি বন্ধ করছিলেন। কিন্তু তার আগেই স্কুল ভ্যানের চালক তাড়াহুড়ো করে লাইন পার করার চেষ্টা করেন। বেপরোয়া সিদ্ধান্তের ফলেই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিমসহ রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং অন্যান্য শাখা আধিকারিকরা ঘটনাস্থলের রওনা দিয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা এবং শোকের ছায়া নেমে এসেছে।
