আজকাল ওয়েবডেস্ক: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের মুম্বইয়ে। বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তিনজন। আহত আরও একাধিক বাসিন্দা। ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে ওই ভবনে। কীভাবে আগুন লাগল, তা ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে অগ্নিকাণ্ডটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরির লোখন্ডওয়ালা কমপ্লেক্সের এক ১৪ তলা আবাসনে। এদিন সকাল আটটা নাগাদ রিয়া প্যালেস বিল্ডিংয়ের দশ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি করে দমকলে খবর পাঠান বাসিন্দারা। ততক্ষণে আগুন আরও খানিকটা ছড়িয়ে পড়ে আশেপাশের ফ্লোরে। 

 

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন, পুলিশ বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি দশ তলা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে পুলিশ। দ্রুত কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদর মধ্যে এক বৃদ্ধ দম্পতি ও এক যুবক রয়েছে। 

 

দমকল সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল এবং ছড়াল তা খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন ছড়াতে পারে বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত জারি রয়েছে।