আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ধারের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১২ জন শ্রমিক, আহত হয়েছেন আরও ২০ জন। গত রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে শ্রমিক বোঝাই একটি পিক-আপ ভ্যান উল্টে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ জন শ্রমিক ধারের বাগগাদ এলাকা থেকে নিজেদের বাড়ির দিকে রওনা হয়েছিলেন। চিকলিয়া ক্রসিংয়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায় এবং উল্টোদিক থেকে আসা একটি এসইউভি (SUV)-র সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ১২ জন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। ধারের ভারপ্রাপ্ত কালেক্টর অভিষেক চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিরলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এই শোকাবহ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে অর্থসাহায্যের ঘোষণা করা হয়েছে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। এছাড়া সামান্য আহতরা পাবেন ৫০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে এবং ইন্দোরের বিভাগীয় কমিশনার ও আইজি-কে ব্যক্তিগতভাবে চিকিৎসার তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।