আজকাল ওয়েবডেস্ক: বৃন্দাবনের যমুনায় পুণ্যার্থীদের নৌকাডুবিতে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বিকেলে মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি স্টিমার উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন মহিলা এবং চারজন পুরুষ রয়েছেন। জানা গেছে, মৃতরা সকলেই পাঞ্জাব থেকে তীর্থযাত্রায় এসেছিলেন। 

জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং জানিয়েছেন, বিকেল তিনটে নাগাদ বাঁকে বিহারী মন্দির থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে কেশী ঘাটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকাজে নামে সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। গাজিয়াবাদ থেকেও একটি বিশেষজ্ঞ দল উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, পর্যটকরা দুটি আলাদা স্টিমারে করে যাচ্ছিলেন। একটি স্টিমারে ধারণক্ষমতার অতিরিক্ত প্রায় ২৫ থেকে ২৭ জন যাত্রী থাকায় ভারসাম্য হারিয়ে সেটি উল্টে যায়। এখন পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৩ থেকে ৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৫০ জন স্থানীয় ডুবুরি নিরলসভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আহতদের চিকিৎসার জন্য রামকৃষ্ণ মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভয়াবহ এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে লুধিয়ানা থেকে আসা এক প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রী জানান, মাঝনদীতে প্রচণ্ড বাতাসের কারণে স্টিমারটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ঝোড়ো হাওয়ার ধাক্কায় স্টিমারের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সেটি সরাসরি একটি পন্টুন বা ভাসমান ব্রিজে ধাক্কা খেয়ে উল্টে যায়। আরেক যাত্রীর অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, প্রায় ১৩০ জনের একটি দল দুটি বাসে করে পাঞ্জাব থেকে বৃন্দাবনে এসেছিলেন। দুর্ঘটনার আগে যাত্রীরা বারবার চালককে সামনে থাকা ব্রিজের বিষয়ে সতর্ক করলেও তিনি তাতে কান দেননি। এমনকি ব্রিজটিতে ধাক্কা খাওয়ার আগে দুবার কোনওমতে রক্ষা পেলেও তৃতীয়বারের চেষ্টায় সজোরে ধাক্কা লেগে স্টিমারটি ডুবে যায়। 

নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা জানতে প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকাতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের সুচিকিৎসা এবং উদ্ধারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোকস্তব্ধ। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, "উত্তরপ্রদেশের মথুরায় নৌকাডুবির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে।" বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।