অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা জ়োমাটো (Zomato) তাদের প্ল্যাটফর্মে কৃত্রিম বা অ্যানালগ দুগ্ধজাত পণ্যের তৈরি খাবারের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করল। সহজ কথায়, নকল পনির বা কৃত্রিম ডেয়ারি সামগ্রী দিয়ে তৈরি কোনও খাবার আর জ়োমাটোতে পাওয়া যাবে না। গ্রাহকদের সুস্বাস্থ্য ও খাবারের গুণগত মান বজায় রাখতে সংস্থাটি ‘জিরো-টলারেন্স’ নীতি নিয়েছে এবং রেস্তোরাঁগুলির মেনু থেকে এই ধরনের পদ ইতিমধ্যেই সরিয়ে ফেলার নির্দেশ জারি করেছে।
2
7
সম্প্রতি দেশজুড়ে ভেজাল ও কৃত্রিম পনিরের বাড়বাড়ন্ত নিয়ে কড়া নজরদারি শুরু হয়েছে। কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের মতো একাধিক রাজ্য নকল পনির তৈরি, মজুত এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই আবহেই জ়োমাটোর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
3
7
জ়োমাটোর তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকা সমস্ত রেস্তোরাঁকে অবিলম্বে প্রাকৃতিক দুগ্ধজাত সামগ্রী ব্যবহার শুরু করতে হবে। যদি কোনও রেস্তোরাঁ তা করতে ব্যর্থ হয়, তবে তাদের মেনু থেকে সংশ্লিষ্ট পদগুলি মুছে ফেলতে হবে। পাশাপাশি সাপ্লায়ারদের থেকে আনা উপকরণের লেবেল ও উপাদান যাচাই করে তবেই তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
4
7
যে সব রেস্তোরাঁ এই নিয়ম লঙ্ঘন করবে, তাদের প্ল্যাটফর্ম থেকেই নিষিদ্ধ করা হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জ়োমাটোর সিইও আদিত্য মাংলার কথায়, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য, আর সেই কারণেই এই কঠোর পদক্ষেপ।
5
7
খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় অনেকেই জানতে চান, এই অ্যানালগ পনির আসলে কী? সাধারণ পনির খাঁটি দুধ ফাটিয়ে তৈরি হলেও, অ্যানালগ বা কৃত্রিম পনির তৈরিতে দুধের কোনও ভূমিকা থাকে না।
6
7
ভেজিটেবল অয়েল, নানা ধরনের স্টার্চ, ইমালসিফায়ার ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে এটি এমনভাবে তৈরি করা হয় যাতে দেখতে এবং স্বাদে অবিকল আসল পনিরের মতো লাগে।
7
7
দেখতে খাঁটি পনিরের মতো হলেও এর পুষ্টিগুণ ও উপাদান একেবারে আলাদা। দেশের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে জ়োমাটোর এই সিদ্ধান্ত গ্রাহকদের সুরক্ষায় যেমন বড় ভূমিকা নেবে, তেমনই বাজারে ভেজাল পনিরের চাহিদা কমাতেও কড়া বার্তা দেবে।