আর্জেন্টিনার মাঝমাঠের তারকা ও লিও মেসির বন্ধুত্বের কথা সবারই জানা। অনেকেই তাঁকে মেসির বডিগার্ড বলে থাকেন। সেই রডরিগো ডি পল এবারের বিশ্বকাপের পরই বিয়ে করতে চলেছেন বলে খবর।
2
9
আর্জেন্টাইন তারকা ও জনপ্রিয় পপ গায়িকা টিনি স্তোসেল বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আর্জেন্টিনার এক্সালতাসিওন দে লা ক্রুস এলাকায় তাঁদের বিয়ের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে।
3
9
সম্প্রতি ২০২৬ সালের কনসার্ট ট্যুর চলাকালে টিনি স্তোসেল প্রকাশ্যে তাঁদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। এর পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
4
9
২০২৩ সালে বিচ্ছেদের ঘোষণা হওয়ার পর এই জুটি ২০২৫ সালে নীরবে আবারও সম্পর্কে ফেরেন। যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবল খেলার সময় দি পলের সঙ্গে স্তোসেলের সম্পর্ক আরও ব্যক্তিগত ও স্থিতিশীল হয়ে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
5
9
ডি পল ও স্তোসেলের প্রেমের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালের শেষ দিকে। তবে সেই সময়ে সম্পর্কটি আর্জেন্টিনায় ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ এর কিছুদিন আগেই ডি পল তাঁর দীর্ঘদিনের সঙ্গী ও মডেল কামিলা হোমসের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন।
6
9
ডি পল ও কামিলা হোমস প্রায় ১২ বছর একসঙ্গে ছিলেন এবং তাঁদের দুই সন্তান—ফ্রান্সেসকা ও বাউতিস্তা রয়েছে।
7
9
২০২২ সালের জানুয়ারিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
8
9
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অভিযানে ডি পলকে সাপোর্ট করতে দেখা গিয়েছিল টিনি স্তোসেলকে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডি পল।
9
9
তবে সম্পর্কের ওপর অতিরিক্ত গণমাধ্যমের নজরদারি ও চাপের কারণে ২০২৩ সালে এই জুটি সাময়িক বিচ্ছেদের কথা ঘোষণা করে। পরে তাঁরা আবার একত্রিত হন এবং বর্তমানে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।