হঠাৎ আর্থিক সঙ্কট, বেতন পেতে দেরি কিংবা অন্য কোনও জরুরি খরচের কারণে নির্দিষ্ট সময়ে জীবনবিমার প্রিমিয়াম জমা দিতে পারলেন না? অনেকেরই আশঙ্কা থাকে, নির্ধারিত দিনে প্রিমিয়াম জমা না দিলে হয়তো সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে বিমার সুরক্ষা।
2
15
কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়। পলিসি হোল্ডারদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অতিরিক্ত সুযোগ দেয় জীবনবিমা সংস্থাগুলি। এই সময়সীমাকেই বলা হয় 'গ্রেস পিরিয়ড' বা অতিরিক্ত সময়সীমা। এই সময়ের মধ্যে বকেয়া প্রিমিয়াম জমা দিয়ে পলিসি চালু রাখা সম্ভব।
3
15
প্রিমিয়াম জমা দেওয়ার ব্যবধানের উপর নির্ভর করে গ্রেস পিরিয়ডের মেয়াদ। সাধারণত মাসিক কিস্তিতে প্রিমিয়াম জমা দিলে অতিরিক্ত ১৫ দিন সময় পাওয়া যায়।
4
15
অন্যদিকে, ত্রৈমাসিক, ছ'মাস অন্তর কিংবা বছরে একবার প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণত ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়।
5
15
উদাহরণ হিসেবে, কোনও পলিসির বার্ষিক প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ যদি ১০ নভেম্বর হয়, তা হলে সাধারণ নিয়মে ১০ ডিসেম্বর পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ থাকতে পারে।
6
15
একই ভাবে, মাসিক প্রিমিয়ামের ক্ষেত্রে ১০ নভেম্বর নির্ধারিত তারিখ হলে অতিরিক্ত ১৫ দিন সময় পাওয়া যেতে পারে। তবে বিমার ধরন এবং সংস্থার নিয়ম অনুযায়ী এই সময়সীমায় পরিবর্তন হতে পারে। তাই পলিসির নথি ভালো করে দেখে নেওয়া জরুরি।
7
15
গ্রেস পিরিয়ডের সবচেয়ে বড় সুবিধা হল, নির্ধারিত দিনে প্রিমিয়াম জমা না দিলেও সঙ্গে সঙ্গে পলিসি বন্ধ হয়ে যায় না। এই অতিরিক্ত সময়ের মধ্যেও বিমার সুরক্ষা সাধারণত চালু থাকে।
8
15
গ্রেস পিরিয়ড চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি বিমার নির্ধারিত অর্থ বা সাম অ্যাসিওরডের জন্য ক্লেম করতে পারেন। তবে বকেয়া প্রিমিয়ামের টাকা ক্লেমের অর্থ থেকে কেটে নেওয়া হতে পারে। পলিসির শর্ত অনুযায়ীই চূড়ান্ত অর্থ নির্ধারিত হবে।
9
15
এছাড়া, গ্রেস পিরিয়ডে প্রিমিয়াম জমা দিলে সাধারণত দেরির জন্য আলাদা সুদ দিতে হয় না। ফলে সাময়িক আর্থিক সমস্যার মধ্যেও পলিসি চালু রাখার সুযোগ পাওয়া যায়।
10
15
গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পরেও প্রিমিয়াম জমা না দিলে পলিসি ল্যাপস বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিমার সুরক্ষা বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। ফলে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবার স্বাভাবিক ডেথ বেনিফিট থেকে বঞ্চিত হতে পারে।
11
15
তবে ল্যাপস হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করার সুযোগ রয়েছে। একে বলা হয় 'রিভাইভাল'। সাধারণত প্রথম বকেয়া প্রিমিয়ামের নির্ধারিত তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে পলিসি পুনরুজ্জীবিত করার সুযোগ থাকতে পারে।
12
15
এর জন্য বকেয়া প্রিমিয়ামের সঙ্গে নির্দিষ্ট সুদ দিতে হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বিমা সংস্থা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য কিংবা মেডিক্যাল পরীক্ষার রিপোর্টও চাইতে পারে। সংস্থার অনুমোদন এবং পলিসির শর্ত মেনেই পুনরায় বিমা চালু হবে।
13
15
প্রিমিয়াম জমা দেওয়ার তারিখ ভুলে যাওয়া এড়াতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো-ডেবিট বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন চালু রাখতে পারেন। পাশাপাশি মোবাইলে নির্ধারিত তারিখের কয়েক দিন আগে রিমাইন্ডার সেট করুন।
14
15
জরুরি পরিস্থিতির জন্য আলাদা করে কিছু টাকা সঞ্চয় করে রাখুন। বিমা সংস্থার কাছে নিজের মোবাইল নম্বর ও ই-মেল আইডিও আপডেট রাখুন, যাতে সময়মতো প্রিমিয়াম সংক্রান্ত বার্তা পান।
15
15
মনে রাখবেন, গ্রেস পিরিয়ড হল অতিরিক্ত সুবিধা, নিয়মিত প্রিমিয়াম জমা দেওয়ার বিকল্প নয়। পরিবারের আর্থিক নিরাপত্তা বজায় রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই বিমার কিস্তি মিটিয়ে দেওয়া সবচেয়ে ভাল।