দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে বসবাসকারী কুমিরের একটি প্রজাতির শরীরে মিলেছে পারদের দূষণের প্রভাব। শুধু শরীরে বিষাক্ত ধাতুর উপস্থিতিই নয়, পারদের কারণে দুর্বল হয়ে পড়ছে তাদের স্বাভাবিক স্ট্রেস মোকাবিলার ক্ষমতাও।
2
10
সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে বন্য পরিবেশে শিকারি প্রাণীর আক্রমণ, খারাপ আবহাওয়া এবং মানুষের নানা ধরনের কার্যকলাপের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে উঠতে পারে কুমিরদের পক্ষে।
3
10
ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের জেরেমি লেমেয়ার এবং তাঁর সহকর্মীরা ফরাসি গায়ানার গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে এই গবেষণা চালান। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মোট ২০টি পূর্ণবয়স্ক ও প্রায় পূর্ণবয়স্ক স্মুথ-ফ্রন্টেড কেইম্যানের উপর পরীক্ষা করা হয়।
4
10
গবেষণায় দেখা যায়, যে সমস্ত কেইম্যানের রক্তে পারদের পরিমাণ বেশি, তাদের শরীরে স্ট্রেস হরমোনের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে দুর্বল। গবেষকদের মতে, দক্ষিণ আমেরিকায় ছোট আকারের সোনার খনি পারদ দূষণের অন্যতম বড় উৎস। সোনা উত্তোলনের কাজে পারদ ব্যবহারের ফলে তা পরিবেশে ছড়িয়ে পড়ে।
5
10
বায়ুমণ্ডলে পারদের পরিমাণ উনিশ শতকের শেষভাগের তুলনায় প্রায় ৩০০ থেকে ৫০০ শতাংশ বেড়েছে। দীর্ঘদিন বেঁচে থাকা কেইম্যানরা মূলত খাদ্যের মাধ্যমে শরীরে পারদ গ্রহণ করে। বছরের পর বছর ধরে এই বিষাক্ত পদার্থ তাদের শরীরে জমতে থাকে।
6
10
গবেষণার জন্য রাত ৮টা থেকে ১১টার মধ্যে কেইম্যানগুলিকে ধরা হয়। প্রতিটি প্রাণীর কাছ থেকে চার দফায় রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
7
10
প্রথম নমুনা নেওয়া হয় ধরার ৩ থেকে ৫ মিনিটের মধ্যে। পরবর্তী নমুনাগুলি সংগ্রহ করা হয় ১৫, ৩০ এবং ৬০ মিনিট পর। এর মাধ্যমে স্ট্রেস হরমোন কর্টিকোস্টেরনের মাত্রা পরীক্ষা করা হয়।
8
10
ফলাফলে দেখা যায়, কম ও মাঝারি পারদযুক্ত কেইম্যানদের শরীরে সময়ের সঙ্গে স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু যাদের শরীরে পারদের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও বৃদ্ধি দেখা যায়নি।
9
10
গবেষণায় অংশ নেওয়া সবচেয়ে বেশি দূষিত কেইম্যানটির হরমোন বৃদ্ধির পরিমাণ সবচেয়ে কম দূষিত প্রাণীটির তুলনায় ১০০ গুণেরও বেশি কম ছিল। বিজ্ঞানীদের মতে, পারদ কোষের মধ্যে থাকা গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের কার্যকারিতায় বাধা দিতে পারে। ফলে হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। তবে কেইম্যানের কোষে এই প্রক্রিয়া সরাসরি পরীক্ষা করা এখনও বাকি।
10
10
গবেষকদের আশঙ্কা, এই সমস্যা শুধু সোনার খনির আশপাশে থাকা প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ, গবেষণায় পাওয়া পারদের মাত্রা বিশ্বজুড়ে অন্যান্য কুমিরজাতীয় প্রাণীর শরীরেও দেখা যায়। আইইউসিএন-এর তথ্য অনুযায়ী, বর্তমানে জীবিত ২৬টি কুমিরজাতীয় প্রজাতির এক-তৃতীয়াংশেরও বেশি বিলুপ্তির আশঙ্কায় রয়েছে। পারদ দূষণ তাদের বেঁচে থাকা ও বংশবিস্তারের ক্ষেত্রে নতুন বিপদ তৈরি করতে পারে।