নিজের পছন্দের বাইক বা স্কুটার কেনার পরিকল্পনা করছেন? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য আর্থিক সুবিধার কথা ঘোষণা করল নবান্ন। মোটর সাইকেল, স্কুটার থেকে শুরু করে ব্যাটারিচালিত ইলেকট্রিক দু’চাকা কেনার জন্য সরকারি অগ্রিমের পরিমাণ বাড়ানো হয়েছে।
2
10
নতুন নিয়মে সাধারণ বাইক কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম পাওয়া যেতে পারে। ৩ নভেম্বর ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
3
10
নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার পেট্রলচালিত বাইক, স্কুটার বা মোপেড কেনার জন্য সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা অগ্রিম পাওয়া যাবে। পাঁচ মাসের মূল বেতন, গাড়ির সম্ভাব্য দাম এবং ১ লক্ষ ২০ হাজার টাকা, এই তিনটির মধ্যে যে অঙ্কটি সবচেয়ে কম, সেটিই মঞ্জুর করা হবে।
4
10
অন্যদিকে, ইলেকট্রিক বাইক বা অন্য বৈদ্যুতিক দু’চাকা কেনার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম পাওয়া যাবে। এক্ষেত্রে ছ’মাসের মূল বেতন, গাড়ির দাম এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন অঙ্কটি বিবেচনা করা হবে।
5
10
যদিও এই সুবিধা পশ্চিমবঙ্গের সব রাজ্য সরকারি কর্মীরা পাবেন না। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোপা ২০১৯ অনুসারে যাঁদের মাসিক মূল বেতন অন্তত ২৫,৭০০ টাকা, তাঁরাই এই অগ্রিমের জন্য আবেদন করতে পারবেন।
6
10
প্রথমবারের পাশাপাশি দ্বিতীয়বারও দু’চাকা কেনার জন্য অগ্রিম নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে সর্বোচ্চ ৯০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। গাড়ির সম্ভাব্য দাম যদি তার চেয়ে কম হয়, তাহলে সেই কম অঙ্কই বিবেচিত হবে।
7
10
তবে আগের অগ্রিমের আসল ও সুদের টাকা সম্পূর্ণ পরিশোধ করার পর অন্তত তিন বছর না পেরলে দ্বিতীয়বার নতুন অগ্রিম পাওয়া যাবে না। সরকারি এই আর্থিক সুবিধা অনুদান নয়, এটি সুদ-সহ পরিশোধযোগ্য অগ্রিম।
8
10
বিজ্ঞপ্তি অনুযায়ী, অগ্রিমের আসল টাকা সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে কর্মচারীর বেতন থেকে কেটে নেওয়া হবে। আসল টাকা সম্পূর্ণ পরিশোধ হওয়ার পরের মাস থেকে সুদ আদায় শুরু হবে। সুদের টাকা সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে শোধ করার সুযোগ রয়েছে।
9
10
সুদের হার রাজ্য সরকার সময়ে সময়ে নির্ধারণ করবে। নির্ধারিত কিস্তি বকেয়া থাকলে নিয়ম অনুযায়ী অতিরিক্ত সুদও ধার্য হতে পারে।
10
10
আগে এই ধরনের অগ্রিমের অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক স্তর পেরিয়ে অর্থ দপ্তরের কাছে প্রস্তাব পাঠানোর প্রয়োজন হতো। নতুন নির্দেশিকায় অনুমোদনের ক্ষমতা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলির হাতে দেওয়া হয়েছে। এর ফলে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।