তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা-থেকে-রাজনীতিক বিজয়। দ্রাবিড় রাজনীতির দীর্ঘ আধিপত্য ভেঙে তাঁর দল টিভিকে সরকার গঠন করতেই প্রকাশ পেল প্রথম দফার মন্ত্রী তালিকা। আর সেই তালিকায় রয়েছে একাধিক চমক— ২৯ বছরের তরুণী বিধায়ক, একজন চিকিৎসক, একজন দন্তচিকিৎসক, প্রাক্তন আইআরএস অফিসার থেকে শুরু করে বিজয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীরাও জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়।
2
12
প্রথম তালিকায় কংগ্রেসের কোনও প্রতিনিধিকে রাখা হয়নি। সব মন্ত্রীই টিভিকে-র সদস্য, যা স্পষ্ট করে দিচ্ছে দলীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চাইছেন বিজয়।
3
12
এন আনন্দ: বিজয়ের রাজনৈতিক সফরের শুরু থেকেই তাঁর অন্যতম বিশ্বস্ত সহযোগী এন আনন্দ। অভিনেতার ফ্যান ক্লাবের সভাপতি হিসেবে কাজ করার পর তিনি টিভিকে-র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হন। ২০২৬ সালের নির্বাচনে চেন্নাইয়ের থিয়াগারায়ানগর কেন্দ্র থেকে জয়ী হয়ে এখন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন। রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক দক্ষতার জন্য তিনি পরিচিত।
4
12
আধব অর্জুনা: ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার প্রাক্তন জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় আধব অর্জুনা এখন রাজনীতির নতুন মুখ। একসময় ডিএমকে-র নির্বাচনী কৌশলে যুক্ত থাকলেও পরে টিভিকে-তে যোগ দেন। বর্তমানে দলের নির্বাচনী প্রচার পরিচালনার সাধারণ সম্পাদক এবং বাস্কেটবল ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতিও তিনি। ভিল্লিভাক্কম কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন।
5
12
এস কীর্তনা: মাত্র ২৯ বছর বয়সে টিভিকে সরকারের সবচেয়ে কমবয়সি মন্ত্রী হলেন অভিনেত্রী এস কীর্তনা। সিভাকাসি কেন্দ্র থেকে জয়ী হওয়া এই তরুণী গণিতে স্নাতক এবং পরিসংখ্যানে স্নাতকোত্তর। রাজনৈতিক পরামর্শক হিসেবেও কাজ করেছেন। আতশবাজি শিল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও মহিলাদের সমান মজুরির প্রতিশ্রুতি দিয়ে নজর কেড়েছেন তিনি।
6
12
ড. কেজি অরুণরাজ: চিকিৎসক এবং প্রাক্তন ভারতীয় রাজস্ব পরিষেবা অফিসার ড. কেজি অরুণরাজ টিভিকে-র নীতি ও প্রচার বিভাগের সাধারণ সম্পাদক। তিরুচেঙ্গোডু কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এবার মন্ত্রী পদে শপথ নিয়েছেন।
7
12
ড. টি কে প্রভু: পেশায় দন্তচিকিৎসক ড. টি কে প্রভু কারাইকুড়ি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তাকেও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।
8
12
সেঙ্গোট্টাইয়ন: এআইএডিএমকে-র বর্ষীয়ান নেতা সেঙ্গোট্টাইয়ন গত বছর দলছুট হয়ে বিজয়ের সঙ্গে হাত মিলিয়ে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছিলেন। পাঁচ দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এবার টিভিকে সরকারের সম্পদ হতে চলেছে।
9
12
পি বেঙ্কটরামনন: প্রথমবারের বিধায়ক হলেও বিজয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত ম্যানেজার হিসেবে পরিচিত পি বেঙ্কটরামনন। টিভিকে-র কোষাধ্যক্ষ এই আইনজীবী মাইলাপোর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।
10
12
নির্মল কুমার: দলের আইটি ও সোশ্যাল মিডিয়া বিভাগের ডেপুটি জেনারেল সেক্রেটারি নির্মল কুমার মাদুরাইয়ের তিরুপ্পারাঙ্কুন্দ্রম কেন্দ্র থেকে জিতে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।
11
12
রাজমোহন অরুমুগম: অভিনেতা, স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং মোটিভেশনাল স্পিকার রাজমোহন অরুমুগম এবার রাজনীতির মঞ্চেও সফল। চেন্নাইয়ের এগমোর কেন্দ্র থেকে জয়ী হয়ে বিজয়ের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।
12
12
নতুন মুখ, তরুণ নেতৃত্ব এবং পেশাগত বৈচিত্র্যে ভরপুর এই মন্ত্রিসভা তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।