মোবাইলের সিম কেনার আগে অনেকেই জানতে চান, নিজের এলাকায় কোন টেলিকম সংস্থার নেটওয়ার্ক সবচেয়ে ভাল। কোথায় ইন্টারনেটের গতি বেশি, কোন সংস্থার পরিষেবায় কল ড্রপ কম কিংবা কোথায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তা জানতে এবার আর অন্যের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে না।
2
13
গ্রাহকদের সুবিধার্থে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। বুধবার ‘নেটওয়ার্ক অনুভব প্ল্যাটফর্ম’ নামে এই জিওস্পেশিয়াল ড্যাশবোর্ডের উদ্বোধন করা হয়েছে।
3
13
এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা নিজেদের এলাকার বিভিন্ন টেলিকম সংস্থার নেটওয়ার্কের গুণমান তুলনা করতে পারবেন। TRAI-এর MySpeed এবং MyCall অ্যাপের মাধ্যমে সংগৃহীত গ্রাহকদের পরীক্ষামূলক তথ্যের পাশাপাশি সংস্থার নিজস্ব ড্রাইভ টেস্টের ফলাফলও এখানে পাওয়া যাবে। ফলে কোনও নির্দিষ্ট এলাকায় কোন সংস্থার মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড পরিষেবা কেমন, তা সহজেই বুঝতে পারবেন গ্রাহকরা।
4
13
নতুন প্ল্যাটফর্মে মোবাইল নেটওয়ার্ক এবং ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার তথ্য আলাদা করে দেখা যাবে। পরিষেবা প্রদানকারী সংস্থা এবং প্রযুক্তি অনুযায়ীও রয়েছে বিভিন্ন বিভাগ।
5
13
ডাউনলোড ও আপলোড স্পিড-সহ একাধিক গুরুত্বপূর্ণ মাপকাঠিতে নেটওয়ার্কের পারফরম্যান্স যাচাই করা যাবে। মানচিত্রে জুম করে কোন জায়গায় নেটওয়ার্ক পরীক্ষা করা হয়েছে, তা-ও দেখা সম্ভব। পাশাপাশি বিভিন্ন ফিল্টার, তথ্যের টেবিল এবং ডাউনলোডযোগ্য রিপোর্টের সুবিধাও থাকছে।
6
13
TRAI চেয়ারম্যান অনিল কুমার লাহোটি জানিয়েছেন, দেশের ডিজিটাল পরিকাঠামো যত সম্প্রসারিত হচ্ছে, ততই টেলিকম পরিষেবার ক্ষেত্রে স্বচ্ছতা এবং নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন বাড়ছে।
7
13
গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বাড়ি এবং কর্মস্থলের মতো দুটি আলাদা জায়গার নেটওয়ার্কের গুণমানও তুলনা করতে পারবেন ব্যবহারকারীরা।
8
13
TRAI জানিয়েছে, কোনও এলাকায় পর্যাপ্ত তথ্য থাকলে প্রতিটি পরিষেবা প্রদানকারীর শেষ পাঁচটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি সমন্বিত মূল্যায়ন দেখানো হবে। এর মধ্যে অন্তত একটি ড্রাইভ টেস্ট এবং চারটি গ্রাহক-পরীক্ষার তথ্য থাকবে।
9
13
তবে সংস্থার সতর্কবার্তা, গ্রাহকদের পরীক্ষার ফলাফল নেটওয়ার্কের গুণমানের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়। এটি মূলত অন্য ব্যবহারকারীদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দেবে।
10
13
শুধু গ্রাহক নয়, টেলিকম সংস্থাগুলিও এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হবে। নিরাপদ লগইনের মাধ্যমে তারা কলের গুণমান, নেটওয়ার্ক কভারেজ এবং ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বেনামি তথ্য দেখতে পারবে। ফলে কোথায় পরিষেবার উন্নতি প্রয়োজন, তা চিহ্নিত করা সহজ হবে।
11
13
এছাড়াও প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে Do Not Disturb পরিষেবার ওয়েব ইন্টারফেস। আগে এই সুবিধা মূলত মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যেত।
12
13
এখন ওয়েবসাইট থেকেই গ্রাহকরা বাণিজ্যিক ফোন ও মেসেজ সংক্রান্ত পছন্দ নির্ধারণ, স্প্যাম কল বা মেসেজের অভিযোগ দায়ের এবং অভিযোগের অগ্রগতি জানতে পারবেন।
13
13
TRAI-এর নতুন এই পোর্টালের ঠিকানা anubhav.trai.gov.in। সংস্থার তরফে MySpeed ও MyCall অ্যাপের মাধ্যমে নিয়মিত নেটওয়ার্ক পরীক্ষা করার জন্য গ্রাহকদের উৎসাহিত করা হয়েছে। যত বেশি মানুষ এই পরীক্ষায় অংশ নেবেন, তত বেশি নির্ভরযোগ্য হবে বিভিন্ন এলাকার নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য।