জার্মানির জাতীয় পতাকায় রয়েছে তিনটি রং। কালো, লাল এবং হলুদ। উপরে কালো, মাঝখানে লাল এবং নীচে হলুদের সমাহারে গঠিত এই পতাকায় সাদা রংয়ের কোনও অস্তিত্বই নেই। তবুও আন্তর্জাতিক ফুটবলে জার্মানির পরিচয় যেন সাদা জার্সির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—জাতীয় পতাকায় যে রং নেই, সেই রংই কেন দেশের ফুটবল দলের প্রধান জার্সির রং?
2
8
ইতিহাসের পাতায় রয়েছে সেই উত্তর লেখা। জার্মানির সাদা জার্সির শিকড় জড়িয়ে রয়েছে প্রুশিয়া নামের ঐতিহাসিক অঞ্চলের সঙ্গে।
3
8
একসময়ে প্রুশিয়াই ছিল জার্মান ভূখণ্ডের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী অংশ। সেই প্রুশিয়ার পতাকার প্রধান রং ছিল সাদা, যার ওপর কালো প্রতীক। প্রথমে ক্রস, পরে কালো ঈগল ব্যবহার করা হতো।
4
8
আজও জার্মান ফুটবল দলের প্রতীকে সেই কালো ঈগলের ছাপ স্পষ্ট, যা প্রুশিয়ার ঐতিহ্যেরই উত্তরাধিকার বহন করে।
5
8
১৮৯৯ সালে জার্মান ফুটবল দলের প্রতিষ্ঠার সময় সিদ্ধান্ত নেওয়া হয়, দলের জার্সিতে প্রুশিয়ার পতাকার রং ব্যবহার করা হবে। সেই সিদ্ধান্তের ফলেই সাদা জার্সি হয়ে ওঠে জার্মান ফুটবলের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
6
8
সময়ের সঙ্গে প্রুশিয়া ইতিহাসের পাতায় স্থান পেলেও জার্মানির জার্সির রং বদলায়নি। বরং ঐতিহ্য ও অতীতের প্রতি সম্মান জানিয়ে আজও সাদা জার্সিতেই মাঠে নামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ফলে এই সাদা জার্সি শুধু একটি রং নয়, বরং শতাব্দীপ্রাচীন ইতিহাস ও পরিচয়ের প্রতীক।
7
8
তবে ইতিহাস যতই গৌরবময় হোক, মাঠের লড়াইয়ে বর্তমানে কঠিন পরীক্ষার মুখে জার্মানি। প্রথম ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর স্পেনের বিরুদ্ধে ড্র করে তারা। ফলে গ্রুপপর্বে তাদের অবস্থান কিছুটা চাপে।
8
8
নক-আউট পর্বে জায়গা নিশ্চিত করতে শেষ ম্যাচে কোস্টা রিকাকে হারাতেই হবে জার্মানিকে। পাশাপাশি নজর রাখতে হবে স্পেন-জাপান ম্যাচের ফলাফলের দিকেও। স্পেন জিতলে বা ম্যাচ ড্র হলে জার্মানির শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে। এখন দেখার, ইতিহাসের মতোই কি মাঠেও ঘুরে দাঁড়াতে পারে জার্মানরা।