বিজয়ের পছন্দ মাটন বিরিয়ানি! ইডলি থেকে মিষ্টি সবই আছে, ৫২-তে কীভাবে এত ফিট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী?
নিজস্ব সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১ : ৩২
শেয়ার করুন
1
10
সিনেমার পর্দায় দীর্ঘদিন ধরে তাঁর ফিট চেহারা নজর কেড়েছে দর্শকের। এবার রাজনীতির ময়দানেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। ৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে ফিট রাখেন তিনি?
2
10
তাঁর ফিটনেস ট্রেনার নরেশ কুমার সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, এর নেপথ্যে কোনও অদ্ভুত ডায়েট নেই। বরং ঘরোয়া খাবার, পরিমিত খাওয়া এবং নিয়মিত শরীরচর্চাই তাঁর রুটিনের মূল কথা।
3
10
বিজয় সাধারণত ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘুম থেকে ওঠেন। কাজের ব্যস্ততা থাকলেও এই রুটিন ধরে রাখার চেষ্টা করেন তিনি। তবে তাঁর ফিট থাকার রহস্য শুধু সকালে ওঠা নয়, বরং ঘুম, খাবার, শরীরচর্চা এবং কাজ—সবকিছুর মধ্যে একটি নির্দিষ্ট রুটিন বজায় রাখা।
4
10
বিজয়ের দিনের প্রথম খাবার সাধারণত সকাল ৯টার দিকে। ট্রেনারের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর ব্রেকফাস্টে থাকে দুটি ইডলি এবং ডিম। ‘বিগিল’ ছবির প্রস্তুতির সময় সকালের খাবারের সঙ্গে সবজিও রাখা হয়েছিল বলে জানা যায়। অর্থাৎ দক্ষিণ ভারতীয় পরিচিত খাবারই খান তিনি, তবে নজর থাকে পরিমাণের দিকে।
5
10
বিজয়ের লাঞ্চ সাধারণত দুপুর ১টার দিকে। ঘরোয়া খাবারের সঙ্গে থাকে সবজি ও ফল। প্রয়োজন অনুযায়ী ভাত এবং প্রোটিনও তাঁর খাবারের অংশ। নরেশ কুমারের বক্তব্য অনুযায়ী, বিজয় কোনও নির্দিষ্ট খাবারকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন না। বরং পছন্দের খাবার খেলেও কতটা খাচ্ছেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
6
10
দুপুর ও রাতের খাবারের মাঝখানে খিদে পেলে বিজয় তুলনামূলক হালকা খাবার বেছে নেন। কখনও স্যালাড, কখনও জুস খান বিজয়। দিনের শেষ খাবার সাধারণত সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সেরে ফেলেন বিজয়। রাতের খাবারে বেশিরভাগ ক্ষেত্রে স্যুপ বা স্যালাড থাকে৷
7
10
ফিট থাকার জন্য বিজয় আমিষ খাবার পুরোপুরি ছেড়ে দেননি। তাঁর ডায়েটে চিকেন ও মাছ থাকে, তবে পরিমাণ নিয়ন্ত্রিত। এত নিয়ম মেনে চললেও বিজয়ের প্রিয় খাবারের তালিকায় রয়েছে মাটন বিরিয়ানি। রিপোর্ট অনুযায়ী, বিশেষ অনুষ্ঠানে তিনি তাঁর দলের সদস্যদেরও বিরিয়ানি খাওয়ান।
8
10
দক্ষিণ ভারতীয় মিষ্টির প্রতিও তাঁর দুর্বলতা রয়েছে। বিজয়ের মা শোভা চন্দ্রশেখর জানিয়েছেন, তাঁর ছেলে সাক্কারাই পঙ্গল পছন্দ করেন। শুটিংয়ের সময়ও তিনি ছেলের জন্য এই মিষ্টি তৈরি করে পাঠাতেন বলে জানা যায়।
9
10
বিজয়ের ফিটনেস রুটিনে রয়েছে হাঁটা, ওজন নিয়ে শরীরচর্চা, সাইক্লিং এবং দৌড়ের মতো বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ। ব্যস্ততার কারণে কোনও দিন নিয়মিত ওয়ার্কআউট করা সম্ভব না হলে হাঁটার মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করেন তিনি।
10
10
তাই ৫২ বছর বয়সেও তাঁর ফিট থাকার গল্পে কোনও ‘ম্যাজিক ডায়েট’-এর কথা নেই। বরং তাঁর ট্রেনারের বর্ণনায় উঠে এসেছে একটি সহজ সূত্র—ঘরোয়া খাবার, পছন্দের খাবার পরিমাণ বুঝে এবং নিয়মিত শরীরচর্চা।