ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও এবার থেকে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সাধারণ মানুষ। তার জন্য নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।
2
12
সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে নগদ টাকা জমা দিয়ে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফারের মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। এই সুবিধা চালু করতে নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
3
12
বুধবার ‘ডোমেস্টিক মানি ট্রান্সফার ডিরেকশনস, ২০২৬’ নামে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। দেশের অভ্যন্তরে স্বল্প পরিমাণ অর্থ স্থানান্তরের ক্ষেত্রে বিভিন্ন নিয়মকে একত্রিত করে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।
4
12
এর ফলে নগদ টাকা জমা দিয়ে অন্যের অ্যাকাউন্টে পাঠানো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে অন্যকে দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও ঊর্ধ্বসীমা কার্যকর হবে।
5
12
একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানোর সুযোগনতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কের শাখায় গিয়ে ‘ক্যাশ পে-ইন’ পরিষেবার মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো যাবে।
6
12
যাঁর নিজের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তিনিও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে প্রেরকের পরিচয় যাচাই বাধ্যতামূলক।
7
12
শুধু ব্যাঙ্কের শাখা নয়, ব্যাঙ্কিং প্রতিনিধি বা বিজনেস করেসপন্ডেন্ট এবং এটিএমের মাধ্যমেও এই ধরনের অর্থ স্থানান্তর করা যাবে। তবে এই দুই মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫,০০০ টাকা পাঠানো যাবে। পাশাপাশি, এক মাসে এই পদ্ধতিতে সর্বাধিক ২৫,০০০ টাকা পাঠানোর সীমা নির্ধারণ করা হয়েছে।
8
12
শুধু টাকা পাঠানো নয়, টাকা পাওয়ার ক্ষেত্রেও নতুন সুবিধা এনেছে RBI। ‘ক্যাশ পে-আউট’ পরিষেবার মাধ্যমে কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অন্য কোনও ব্যক্তিকে নগদে দেওয়া যাবে।
9
12
এই ব্যবস্থায় একবারে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং মাসে সর্বাধিক ২৫,০০০ টাকা নগদে গ্রহণ করা যাবে। ফলে যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরাও নির্দিষ্ট নিয়ম মেনে টাকা পেতে পারবেন।
10
12
এই পরিষেবা ব্যবহার করতে হলে ব্যাঙ্ক বা অনুমোদিত বিজনেস করেসপন্ডেন্টের কাছে নাম নথিভুক্ত করতে হবে। RBI-এর ২০২৫ সালের KYC নির্দেশিকা অনুযায়ী, একটি মোবাইল নম্বর এবং সরকারি ভাবে স্বীকৃত বৈধ পরিচয়পত্রের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে। প্রতিটি লেনদেনের সময় পরিচয় ও লেনদেনের সত্যতা যাচাই করা হবে।
11
12
তবে এই পরিষেবায় কার্ডের মাধ্যমে টাকা পাঠানোর সুযোগ রাখা হয়নি। পাশাপাশি, ব্যাঙ্ক বা অনুমোদিত প্রতিষ্ঠানগুলি লেনদেনের জন্য নির্দিষ্ট পরিষেবা মূল্যও নিতে পারবে। ফলে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের চার্জ ও নিয়ম জেনে নেওয়া জরুরি।
12
12
বিশেষজ্ঞদের মতে, RBI-এর এই উদ্যোগে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন পরিযায়ী শ্রমিক এবং ব্যাঙ্কিং পরিষেবার বাইরে থাকা মানুষ। নিজের অ্যাকাউন্ট না থাকলেও যাতে সহজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়, সেই লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা।