PM CARES for Children প্রকল্পের আওতায় বৃত্তি পাওয়া শিশুদের জন্য আধার যাচাইকরণ সংক্রান্ত নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। তবে আধার নম্বর না থাকলে বা আধার যাচাইকরণে সমস্যা হলে শুধুমাত্র সেই কারণে কোনও শিশুকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
2
13
বিকল্প নথির মাধ্যমে পরিচয় যাচাই করে বৃত্তি দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে নতুন নির্দেশিকায়। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
3
13
ভারতের সরকারি গেজেটে প্রকাশিত এই বিজ্ঞপ্তি আধার আইন, ২০১৬-এর ৭ নম্বর ধারার অধীনে জারি করা হয়েছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পের আওতায় বৃত্তি পান যোগ্য শিশুরা।
4
13
বিজ্ঞপ্তিতে ১৮ বছরের কম বয়সি এবং ১৮ বছর বা তার বেশি বয়সি আধারবিহীন সুবিধাভোগীদের জন্য পৃথক নথির তালিকা নির্ধারণ করা হয়েছে।
5
13
১৮ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে আধার নথিভুক্তিকরণ কেন্দ্রের দেওয়া স্বীকৃতিপত্র, যেখানে এনরোলমেন্ট আইডি থাকবে, তা জমা দিতে হবে। পাশাপাশি বয়সের প্রমাণ হিসেবে জন্ম শংসাপত্র, ভারতীয় পাসপোর্ট অথবা স্বীকৃত শিক্ষা পর্ষদের দশম বা দ্বাদশ শ্রেণির শংসাপত্র কিংবা মার্কশিট গ্রহণযোগ্য হবে।
6
13
এছাড়াও, অভিভাবকের সঙ্গে সম্পর্ক প্রমাণের জন্য ছবি-সহ নির্দিষ্ট নথি জমা দিতে হবে। এর মধ্যে রেশন কার্ড, ভারতীয় পাসপোর্ট, নির্দিষ্ট জাতিগত বা বসবাসের শংসাপত্র এবং কিছু সরকারি পরিচয়পত্র রয়েছে।
7
13
প্রযোজ্য ক্ষেত্রে দত্তক নেওয়ার নির্দেশ বা আইনগত অভিভাবকত্বের প্রমাণও গ্রহণ করা হবে। নিবন্ধিত শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে থাকা শিশু এবং বিদেশি নাগরিকদের জন্যও নির্দিষ্ট নথির বিধান রয়েছে।
8
13
অন্যদিকে, ১৮ বছর বা তার বেশি বয়সি আধারবিহীন ব্যক্তিদের ক্ষেত্রে ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্রতিবন্ধকতার শংসাপত্র অথবা ইউনিক ডিজঅ্যাবিলিটি আইডি-সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথি ব্যবহার করা যাবে। তাঁদের ক্ষেত্রেও আধার নথিভুক্তির স্বীকৃতিপত্র প্রয়োজন হবে।
9
13
বায়োমেট্রিক তথ্যের সমস্যা বা অন্য কারণে আধার যাচাইকরণ ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্ভব ও অনুমোদিত ক্ষেত্রে অন্য বায়োমেট্রিক পদ্ধতি অথবা ওটিপির মাধ্যমে পরিচয় যাচাইয়ের সুযোগ দিতে হবে।
10
13
সেই পদ্ধতিগুলিও কার্যকর না হলে আধার নম্বরের সত্যতা অফলাইন পদ্ধতিতে যাচাই করে সুবিধা দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে আধার সিকিওর কিউআর কোড এবং আধার পেপারলেস অফলাইন ই-কেওয়াইসি নথি ব্যবহার করা যাবে।
11
13
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের নির্দিষ্ট আধিকারিক নিয়োগ করবে। তিনি মাইআধার পোর্টালে এনরোলমেন্ট আইডি যাচাই করে দেখবেন, আবেদনটি বৈধ কি না এবং তা বাতিল হয়েছে কি না। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাহায্যও নেওয়া যাবে।
12
13
বিকল্প পদ্ধতিতে সুবিধা দেওয়া শিশুদের নথি সংরক্ষণ, নিয়মিত পর্যালোচনা এবং অডিটের ব্যবস্থাও রাখতে হবে। পাশাপাশি, আধার সংক্রান্ত নিয়ম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
13
13
অর্থাৎ, আধার না থাকা বা যাচাইকরণে প্রযুক্তিগত সমস্যা হওয়া মানেই PM CARES for Children প্রকল্পের বৃত্তি বন্ধ হয়ে যাওয়া নয়। নির্ধারিত বিকল্প নথি ও যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য সুবিধাভোগীদের বৃত্তি পাওয়ার সুযোগ থাকবে।