আপনার পকেটে থাকা নোটের আয়ু এবার আরও বাড়াতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। নোট দ্রুত নষ্ট হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া বা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার সমস্যা কমাতে কাগজের নোটে বিশেষ আবরণ দেওয়ার পাশাপাশি কম মূল্যের নোটে পলিমার বা ‘প্লাস্টিক’ নোট ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
2
14
ভারতে প্রতিদিনের লেনদেনে কম মূল্যের নোটের ব্যবহার অত্যন্ত বেশি। ফলে ১০, ২০ টাকার মতো নোট বারবার মানুষের হাতে ঘোরে এবং দ্রুত ক্ষয়ে যায়। একটি নোট বেশি দিন ব্যবহারযোগ্য থাকলে বারবার নতুন নোট ছাপার প্রয়োজন কমবে। এর ফলে মুদ্রা ব্যবস্থাপনার খরচও কমানো সম্ভব হবে।
3
14
আরবিআইয়ের ডেপুটি গভর্নর শিরীষ চন্দ্র মুর্মু জানিয়েছেন, নোটের স্থায়িত্ব বাড়ানোর জন্য বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে নোট তৈরির উপকরণের উপর বিশেষ আবরণ এবং কম মূল্যের নোটে পলিমার ব্যবহারের বিষয়টি রয়েছে।
4
14
পলিমার নোট নিয়ে RBI-এর পরিকল্পনা নতুন নয়। ইতিমধ্যেই ১০ ও ২০ মূল্যের পলিমার নোট পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তাবে কেন্দ্রের অনুমোদন মিলেছে। প্রথমে পরীক্ষামূলকভাবে এগুলি বাজারে এনে নোটের স্থায়িত্ব, ব্যবহার এবং বাস্তব পরিস্থিতিতে কার্যকারিতা যাচাই করা হবে।
5
14
তবে এর অর্থ এই নয় যে দেশের সমস্ত কাগজের নোট রাতারাতি তুলে নেওয়া হবে। বরং পলিমার নোট চালু হলেও কাগজের নোটের সঙ্গে সেগুলি কিছু সময় পাশাপাশি চলবে।
6
14
সাধারণ কাগজের নোট দীর্ঘদিন ব্যবহারের ফলে ভাঁজ পড়ে, ছিঁড়ে যেতে পারে এবং আর্দ্রতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। পলিমার নোট তুলনামূলকভাবে বেশি টেকসই এবং জল ও দৈনন্দিন ব্যবহারের ধকল সামলাতে সক্ষম।
7
14
এই কারণেই বিশ্বের একাধিক দেশে পলিমার নোট ব্যবহার করা হয়। ভারতে এর পরীক্ষামূলক ব্যবহার সফল হলে ভবিষ্যতে আরও বেশি মূল্যের নোটেও এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা তৈরি হতে পারে।
8
14
আরবিআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১৭৬ বিলিয়ন বা ১৭,৬০০ কোটি নোট প্রচলনে রয়েছে। এত বিপুল সংখ্যক নোটকে নিয়মিত ছাপা, সরবরাহ, বাছাই এবং নষ্ট হয়ে যাওয়া নোট বদলে দেওয়ার জন্য বিশাল পরিকাঠামোর প্রয়োজন হয়। নোটের আয়ু কয়েক বছর পর্যন্ত বাড়াতে পারলে খরচ কমবে অনেক।
9
14
তাহলে কি সব ভারতীয় নোট ‘প্লাস্টিক’ হয়ে যাবে? না, আপাতত এমন কোনও সিদ্ধান্ত নেই। ১০ ও ২০-এর মতো কম মূল্যের নোটে পরীক্ষামূলকভাবে পলিমার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কেন্দ্র স্পষ্ট করেছে, বর্তমানে প্রচলিত কাগজের নোটকে একবারে পলিমার নোট দিয়ে প্রতিস্থাপনের কোনও প্রস্তাব নেই।
10
14
অর্থাৎ, আপনার পকেটে থাকা কাগজের ১০, ২০ বা অন্য নোট এখনই অচল হয়ে যাচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য মূলত এমন একটি ব্যবস্থা তৈরি করা, যাতে প্রচলিত নোট আরও বেশি দিন ভালো অবস্থায় ব্যবহার করা যায়।
11
14
নোটের আয়ু বাড়ানোর জন্য পলিমারই একমাত্র পথ নয়। আরবিআইয়ের নোটের উপকরণের উপর বিশেষ ধরনের আবরণ দেওয়ার বিষয়টিও পরীক্ষা করছে। এই ধরনের আবরণ নোটকে দৈনন্দিন ব্যবহারের ক্ষয়ক্ষতি থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে।
12
14
ফলে ভবিষ্যতে ভারতে একই সঙ্গে উন্নত আবরণযুক্ত কাগজের নোট এবং পলিমার নোট— দুই ধরনের প্রযুক্তিই দেখা যেতে পারে।
13
14
এই উদ্যোগ সফল হলে সাধারণ মানুষের সবচেয়ে বড় সুবিধা হতে পারে। আরও ভাল মানের নোট পাওয়া যাবে। খুব দ্রুত ছিঁড়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া নোটের সংখ্যা কমতে পারে। পাশাপাশি বারবার নোট বদলানোর প্রয়োজন কমলে আরবিআইয়ের খরচও কমতে পারে।
14
14
তবে পলিমার নোট চালুর আগে এর উৎপাদন খরচ, পুনর্ব্যবহারযোগ্যতা, নিরাপত্তা এবং ভারতীয় আবহাওয়ায় দীর্ঘমেয়াদি কার্যকারিতার মতো বিষয়ও গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হবে।