ভারতে কাগজের পরিবর্তে পলিমার বা প্লাস্টিক-ভিত্তিক ব্যাঙ্কনোট চালু করা হবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সম্ভাবনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
2
11
মুদ্রানীতি পর্যালোচনার পর সাংবাদিক বৈঠকে গভর্নর বলেন, পলিমার নোট চালুর প্রস্তাব বর্তমানে RBI-এর বিবেচনাধীন। এর সুবিধা-অসুবিধা, খরচ এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। তিনি জানান, সিদ্ধান্ত নেওয়া হলে কেন্দ্রীয় ব্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে।
3
11
সাম্প্রতিক কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে RBI শীঘ্রই প্লাস্টিকের নোটের পরীক্ষামূলক ব্যবহার বা পাইলট প্রকল্প শুরু করতে পারে। সেই প্রসঙ্গে মালহোত্রা বলেন, সংবাদগুলিতে কিছুটা সত্যতা থাকলেও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
4
11
বিশেষজ্ঞদের মতে, পলিমার নোটের অন্যতম বড় সুবিধা হল এর দীর্ঘস্থায়িত্ব। সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই হয় এবং সহজে ছিঁড়ে যায় না।
5
11
এছাড়া জল, আর্দ্রতা ও ময়লার প্রভাবও তুলনামূলকভাবে কম পড়ে। ফলে নোট বদলানোর প্রয়োজনও কম হয়, যা দীর্ঘমেয়াদে মুদ্রণ ব্যয় হ্রাস করতে সাহায্য করতে পারে।
6
11
একটি প্রতিবেদনে জানানো হয়েছে, RBI-এর কেন্দ্রীয় পর্ষদের সাম্প্রতিক বৈঠকগুলিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশে নগদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিকল্প ও আরও টেকসই মুদ্রা ব্যবস্থা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। যদিও ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে, তবুও নগদের ব্যবহার কমেনি।
7
11
RBI-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে দেশে প্রচলিত মুদ্রার পরিমাণ রেকর্ড ৪২.৮৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবর্ষে নোট মুদ্রণের খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী পলিমার নোট ভবিষ্যতে ব্যয় কমাতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
8
11
উল্লেখ্য, ভারতে পলিমার নোট চালুর ধারণা নতুন নয়। ২০১২ সালে কেন্দ্র সরকার নির্বাচিত কয়েকটি শহরে ১০ টাকার একশো কোটি পলিমার নোট পরীক্ষামূলকভাবে চালুর অনুমোদন দিয়েছিল।
9
11
মূল লক্ষ্য ছিল নোটের আয়ু বৃদ্ধি করা। তবে প্রযুক্তিগত ও উৎপাদন সংক্রান্ত নানা চ্যালেঞ্জের কারণে সেই প্রকল্প আর এগোয়নি।
10
11
বর্তমানে বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই পলিমার নোট ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। এসব দেশে প্লাস্টিকের নোট জালিয়াতি রোধ এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক ফল দিয়েছে।
11
11
এখন দেখার বিষয়, RBI শেষ পর্যন্ত পলিমার নোট চালুর সিদ্ধান্ত নেয় কি না। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তবে ভারতের মুদ্রা ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।