বাড়ির পুরনো আলমারি, বইয়ের পাতা বা কোনও বাক্সের মধ্যে পড়ে রয়েছে পুরনো ১ বা ৫ টাকার নোট? বিশেষ করে এমন একটি ৫ টাকার নোট যাতে রয়েছে ট্র্যাক্টর দিয়ে জমি চাষের ছবি। অনেকের দাবি, এই নোটের বিনিময়ে পাওয়া যেতে পারে মোটা অঙ্কের টাকা। কিন্তু সত্যিই কি একটি পুরনো ৫ টাকার নোট আপনাকে রাতারাতি লাখপতি করে দিতে পারে?
2
11
পুরনো নোট বা মুদ্রা সংগ্রহের শখ রয়েছে অনেকের। মুদ্রা ও নোট সংগ্রহের এই বিশেষ শখকে বলা হয় নোটাফিলি। সংগ্রাহকদের কাছে কিছু পুরনো নোটের বিশেষ গুরুত্ব রয়েছে।
3
11
এই নোটের পিছনের দিকে রয়েছে একজন কৃষকের ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করার ছবি। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহারকে তুলে ধরতেই এই নকশা তৈরি করা হয়েছিল।
4
11
১৯৭০-এর দশকে প্রচলিত হওয়া এই নোটের নকশা সংগ্রাহকদের মধ্যে বিশেষ পরিচিতি পেয়েছে। নোটটির বিশেষত্ব মূলত তার ঐতিহাসিক গুরুত্ব এবং নকশায়। তবে শুধু ট্র্যাক্টরের ছবি থাকলেই সেটি লক্ষাধিক টাকায় বিক্রি হবে, তা নয়।
5
11
ভারতে এক টাকার নোটের ইতিহাস বেশ পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের সময়, ১৯১৭ সালের ৩০ নভেম্বর প্রথম এক টাকার নোট প্রকাশিত হয়েছিল। সেই নোটে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের ছবি ছিল। পরে ১৯২৬ সালে এই নোটের ছাপানো বন্ধ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালের অগস্টে ফের এক টাকার নোট চালু করা হয়।
6
11
স্বাধীনতার পরে ১৯৪৯ সালে নতুন নকশার এক টাকার নোট বাজারে ছাড়া হয়। রাজার পরিবর্তে স্থান পায় অশোক স্তম্ভের প্রতীক। অন্যান্য ভারতীয় ব্যাঙ্কনোটের মতো এক টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রকাশ করে।
7
11
পুরনো নোটের বাজারদর নির্ভর করে একাধিক বিষয়ের উপর। নোটটি কত বছরের পুরনো, তার অবস্থা কেমন, কত সংখ্যক নোট এখনও বাজারে রয়েছে, সিরিয়াল নম্বর কী এবং ছাপার কোনও বিশেষ ত্রুটি রয়েছে কি না, সবই গুরুত্বপূর্ণ।
8
11
উদাহরণ হিসেবে, ৭৮৬-এর মতো বিশেষ সিরিয়াল নম্বর বা একই অঙ্কের পুনরাবৃত্তি থাকা নোটের প্রতি কিছু সংগ্রাহকের আগ্রহ থাকতে পারে। আবার ছাপার বিশেষ ত্রুটি থাকা নোটও সংগ্রাহকদের কাছে মূল্যবান হয়ে উঠতে পারে।
9
11
কিছু নিলামে বিশেষ বৈশিষ্ট্যের ট্র্যাক্টর সিরিজের পাঁচ টাকার নোট কয়েক হাজার টাকায় বিক্রি হওয়ার নজির রয়েছে। একটি নিলামে এমন একটি নোটে দাম তিন হাজার এবং অন্য একটি ছাপার ত্রুটিযুক্ত নোট দাম ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
10
11
পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার ঘটনাও সামনে এসেছে। বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুরনো নোটের বিনিময়ে বিপুল টাকা দেওয়ার দাবি করা হয়। অনেক ক্ষেত্রে নোট কেনার আগেই রেজিস্ট্রেশন ফি, জিএসটি কিংবা কমিশনের নামে টাকা চাওয়া হয়।
11
11
এই ধরনের প্রতারণা নিয়ে ২০২১ সালের ৪ অগস্ট সাধারণ মানুষকে সতর্ক করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শীর্ষ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছিল, তারা পুরনো নোট বা কয়েন কেনাবেচা করে না। এই ধরনের লেনদেনের জন্য কোনও ব্যক্তি বা সংস্থাকে কমিশন কিংবা ফি সংগ্রহের অনুমতিও দেয়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক।