শ্রাবণ মাসের শুরুতে শনিবার সকালেও আকাশের মুখভার। কখনও কড়া রোদ আবার কখনও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে শহর জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। একইসঙ্গে, প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
2
8
আজ রাজ্যের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেও চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
3
8
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে শনি ও রবিবার। বৃষ্টির পরিমাণ হতে পারে ২০ সেন্টিমিটারের বেশি। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের পাহাড় ঘেঁষা জেলাগুলিতেও আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হবে ৭ থেকে ২০ সেন্টিমিটার।এর পর মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। তবে জলপাইগুড়ি এবং কালিম্পঙে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির চলবে বলে জানানো হয়েছে।
4
8
হাওয়া অফিসের খবর, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি দেখা গিয়েছিল তা ক্রমশ সরে এসেছে। শুক্রবার এর অবস্থান ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশার উপর। পাশাপাশি, সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
5
8
আগামী ২৪ ঘণ্টায় যার কিছুটা শক্তিক্ষয় হবে বলে পূর্বাভাস। বর্ষার অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাট এলাকাজুড়ে বিস্তৃত।
6
8
ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইছে হাওয়া। হাওয়ার গতিবেগ কখনও কখনও বেড়ে হচ্ছে ৫৫ কিলোমিটারও। এ জন্য রাজ্যে উপকূলবর্তী অঞ্চলে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
7
8
যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলেই উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
8
8
প্রসঙ্গত, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।