তীব্র গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে আমরা প্রায়ই বিভিন্ন ধরনের পানীয় খুঁজি। তবে বাজারের ঠান্ডা পানীয় বা সফট ড্রিঙ্কের বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর পানীয় সবসময়ই ভাল।
2
10
এমনই একটি জনপ্রিয় ও সুস্বাদু পানীয় হল হিবিসকাস টি বা জবা ফুলের চা। লেবু ও বরফ মিশিয়ে তৈরি এই পানীয় গরমের দিনে শরীর ও মন দুটোই চাঙ্গা করে দিতে পারে।
3
10
হিবিসকাস আসলে জবা ফুল। এই ফুলের শুকনো পাপড়ি দিয়ে বিশেষ ধরনের হার্বাল চা তৈরি করা হয়। এই চায়ের রং হয় গাঢ় লাল এবং স্বাদে থাকে হালকা টক-মিষ্টি ভাব।
4
10
শুধু স্বাদ নয়, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্যও উপকারী বলে মনে করা হয়। তাই স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে এই পানীয়ের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।
5
10
কী কী লাগবে? এই পানীয় বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। শুকনো জবা ফুলের পাপড়ি ২ টেবিল চামচ, ৪ কাপ জল, ১ থেকে ২ টেবিল চামচ মধু বা চিনি, একটি লেবুর রস, কয়েক টুকরো বরফ, ইচ্ছে হলে কিছু পুদিনা পাতা নিন।
6
10
কীভাবে তৈরি করবেন? প্রথমে একটি পাত্রে জল ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে তাতে শুকনো জবা ফুলের পাপড়ি দিয়ে দিন। এরপর ৫ থেকে ১০ মিনিট কম আঁচে ফুটতে দিন। ধীরে ধীরে জলের রং গাঢ় লাল হয়ে যাবে এবং ফুলের স্বাদ জলে মিশে যাবে।
7
10
এরপর গ্যাস বন্ধ করে মিশ্রণটি ছেঁকে নিন। গরম থাকা অবস্থাতেই মধু বা চিনি মিশিয়ে নিন যাতে সহজে গলে যায়। তারপর পানীয়টি পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে এতে লেবুর রস মিশিয়ে দিন। পরিবেশনের সময় একটি গ্লাসে বরফ দিন এবং তার ওপর হিবিসকাস টি ঢেলে দিন। চাইলে পুদিনা পাতা বা লেবুর পাতলা টুকরো দিয়ে সাজিয়ে নিতে পারেন।
8
10
কেন খাবেন এই পানীয়? গরমের দিনে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তাই শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। হিবিসকাস টি সেই কাজেই সাহায্য করতে পারে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে। এর হালকা টক স্বাদ গরমে বেশ সতেজ অনুভূতি দেয়।
9
10
আরও একটি উপকারিতা হল, এই পানীয়ে ক্যাফেইন নেই। ফলে চা বা কফির মতো ঘুমের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও কম। তবে যাঁদের রক্তচাপ খুব কম থাকে বা যাঁরা নিয়মিত কোনও ওষুধ খান, তাঁদের এই পানীয় নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
10
10
এই গরমে বাড়িতেই সহজে তৈরি করে ফেলতে পারেন জবা ফুলের এই ঠান্ডা চা। স্বাদ, রং আর সতেজতার অনন্য মিশ্রণ এই পানীয় গরমের ক্লান্তি দূর করতে দারুণ কার্যকর হতে পারে।