বেশ কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর ফের তাপমাত্রা বদলের ইঙ্গিত। পয়লা বৈশাখে ছিল চাঁদিফাটা গরম। কিন্তু বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বদলের ইঙ্গিত।
2
8
বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপর। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার। যার জেরেই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
3
8
এছাড়া উত্তর–পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটা পূর্ব–পশ্চিম অক্ষরেখাও তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাবে প্রবেশ করছে। সেই কারণে ১৬ থেকে ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একটা বড় অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
8
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ার কিছু অংশে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা থাকছে। সেখানে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে।
5
8
কলকাতাতেও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে রয়েছে মেঘলা আকাশ। ৩০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
6
8
উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার আশঙ্কা থাকছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশা রয়েছে।
7
8
শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।
8
8
ঝড়বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না। অস্বস্তি বজায় থাকবে। বিশেষত, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে গরম বাড়বে। এই সব জেলায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উষ্ণ আর্দ্র পরিবেশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।