বেশিরভাগ গবেষকের কাছে জীবনে একটি জাতীয় সম্মান পাওয়াটাই এক বিরাট প্রাপ্তি। কিন্তু সেখানে একই বছরে তিনবার মিলল জাতীয় স্বীকৃতি। কেন্দ্রীয় সংস্থার বিজ্ঞানী ড. আকাঙ্ক্ষা সিং-এর মাথায় উঠল সেরার শিরোপা।
2
9
কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস (CSIR-CIMAP)-এর বিজ্ঞান গবেষক ড. আকাঙ্ক্ষা সিং। 'সায়েন্টিস্ট-ডি' স্তরের বিজ্ঞানী তিনি। এই বছর তাঁর অনন্য সাফল্যের নজির সকলের নজর কেড়েছে।
3
9
এ বছর তিনি কৃষি ও উদ্ভিদ বিজ্ঞান ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 'ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস, ইন্ডিয়া' (NASI) ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতিই এই ঘোষণা করা হয়েছে।
4
9
এর আগে চলতি বছরেই তিনি 'ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ং অ্যাকাডেমি অফ সায়েন্সেস' (INYAS)-এর সদস্যপদ পান। পাশাপাশি, 'ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি' (INSA)-র 'ইয়ং অ্যাসোসিয়েট' হিসেবে নির্বাচিত হন। একই বছরে এই তিনটি শীর্ষ জাতীয় সম্মান অর্জন করে তরুণ গবেষকদের মধ্যে এক বিরল নজির গড়লেন আকাঙ্ক্ষা।
5
9
আকাঙ্ক্ষা উদ্ভিদ বিজ্ঞানে পিএইচডি অর্জন করেছেন। বর্তমানে সিআইএমএপি-র 'ক্রপ প্রটেকশন অ্যান্ড প্রোডাকশন' বিভাগে 'সায়েন্টিস্ট ডি' পদে কর্মরত। তাঁর গবেষণার মূল বিষয়- অনুজীব ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক, জৈবিক শস্য সুরক্ষা এবং ছত্রাকজনিত রোগ প্রতিরোধ।
6
9
সহজ কথায়, রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে উপকারী অনুজীবের মাধ্যমে প্রাকৃতিকভাবে ফসল রক্ষা করা যায় এবং ফলন বাড়ানো যায়, তাই তাঁর গবেষণার লক্ষ্য। এই পরিবেশবান্ধব উদ্ভাবন ভারতের মতো কৃষিপ্রধান দেশে কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হবে বলেই মতামত বিশেষজ্ঞদের।
7
9
১৯৩০ সালে গড়ে ওঠে ভারতের অন্যতম প্রাচীন বিজ্ঞান অ্যাকাডেমি NASI। এ বছর প্রতিশ্রুতিমান বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ১৬ জন বিজ্ঞানীর মধ্যে অন্যতম ড. আকাঙ্ক্ষা।
8
9
আগামী ৪ ও ৫ ডিসেম্বর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে NASI-র ৯৬তম বার্ষিক অধিবেশনের আয়োজন করা হবে। ওইদিনই আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
9
9
এই সম্মান কেবল ড. আকাঙ্ক্ষার ব্যক্তিগত সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করবে এমন নয়। বরং সুস্থায়ী কৃষিব্যবস্থার গবেষণায় ভারতের নতুন প্রজন্মের বিজ্ঞানীদের ভূমিকার এক উজ্জ্বল স্বীকৃতি হসাবে গণ্য হবে।