মিল্টন সেন, হুগলি: চন্দননগর মানেই আলো। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো কিংবা শোভাযাত্রা আলোর কারুকার্যে বছরের পর বছর ধরে দেশ,বিদেশের নজর কেড়েছে এই শহর। সেই আলোর জগতেরই পরিচিত নাম ছিলেন আলোকশিল্পী বাবু পাল। ২০২৪ সালের ২০ আগস্ট তাঁর মৃত্যুতে চন্দননগরের আলোকশিল্পে নেমে এসেছিল শোকের ছায়া। তবে বাবার চলে যাওয়ার পর তাঁর শিল্পের আলো নিভতে দেননি মেয়ে সুস্বেতা পাল।
2
10
বাবার কাজ ও স্বপ্নকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলেছেন তিনি। চন্দননগরের পঞ্চাননতলার বাবু পালের আলোর স্টুডিও একসময় পুজোর মরশুমে হয়ে উঠত কর্মব্যস্ততার কেন্দ্র। হরেক রকম আলোর কারুকাজ, নতুন নতুন ভাবনা আর আলোর জাদুতে প্রতি বছরই তৈরি হতো অভিনব সৃষ্টি। সেই শিল্পকেই এবার নতুন প্রজন্মের হাতে এগিয়ে নিয়ে চলেছেন সুস্বেতা।
3
10
২০২১ সালে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন সুস্বেতা। বাবু পাল দীর্ঘদিন টুনি ও এলইডি আলো নিয়ে কাজ করলেও সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এখন ১২ ভোল্টের ডিসি ল্যাম্প নিয়ে কাজ করছেন তাঁর মেয়ে। দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো মিলিয়ে এবছরও একাধিক কাজের বরাত পেয়েছেন তিনি। হিন্দুস্তান ক্লাবের কাজের পাশাপাশি দিল্লি ও ডায়মন্ড হারবারেও তাঁর তৈরি আলো গিয়েছে। এবার বাগবাজার বারোয়ারিতেও যাবে তাঁদের আলো।
4
10
বাবু পাল নেই, কিন্তু তাঁর তৈরি আলোর ঐতিহ্য এখনও জ্বলজ্বল করছে। সেই আলোকে নতুন প্রযুক্তি, নতুন ভাবনা আর নিজের দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন মেয়ে সুস্বেতা। বাবার রেখে যাওয়া আলোর জাদুকে বাঁচিয়ে রাখার এই লড়াইয়ে চন্দননগরের আলোয় এবার নতুন পরিচয় তৈরি হচ্ছে মেয়ে সুস্বেতা পালের হাত ধরে।
5
10
সুস্বেতা বলেন, এবছর মাইথোলজিক্যাল বিষয় নিয়ে কাজ করেছি। ঠাকুরের থিমে বিশ্বরূপ দর্শনকে আলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বাবা যতদিন ছিলেন, যেভাবে কাজটা হয়েছে, আমার ও আমার মা চিত্রলেখার চেষ্টায় সেভাবেই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাবার সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাঁরা এখনও আমার সঙ্গে রয়েছেন। আমি বা মা যে বিষয়টা জানি না, তাঁরা আমাদের সবসময় গাইড করেন। এখন আমাদের সঙ্গে ১০ জন কাজ করেন।
6
10
বাবার ৩০-৩৫ বছরের অভিজ্ঞতার সঙ্গে নিজের চার বছরের কাজের তুলনা করতে চান না সুস্বেতা। তিনি বলেন,বাবা যে কাজটা ৩০-৩৫ বছর ধরে করেছে, সেটা আমার চার বছরে করা সম্ভব নয়। তবে বাবা যেভাবে কাজ করতে নামতেন, আমিও সেভাবেই করার চেষ্টা করছি। বাবার যাদের সঙ্গে দীর্ঘদিন কাজ ছিল, তাঁরা এখনও আমার উপর ভরসা করছেন। ‘বাবুদার লাইট’ বলেই অনেকে এখনও আমাদের কাজ দিচ্ছেন। সেই ভরসাটাই আমি এগিয়ে নিয়ে যেতে চাই।
7
10
সময়ের সঙ্গে বদলেছে আলোকসজ্জার প্রযুক্তিও। বাবু পালের কাজের সময় টুনি লাইট থেকে এলইডি,ধাপে ধাপে বদলেছে আলোর প্রযুক্তি। এখন শোভাযাত্রার জন্য ১২ ভোল্টের ডিসি ল্যাম্পের ব্যবহার বেড়েছে। সেই নতুন প্রযুক্তির সঙ্গেই কাজ করছেন সুস্বেতা।
8
10
চন্দননগরের আলো ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে। বাবু পালের তৈরি আলো একসময় দুবাই ও রাশিয়াতেও গিয়েছিল। কোভিডের সময় কেনিয়ায় কাজের কথাও হয়েছিল, কিন্তু মহামারির কারণে সেই কাজ আর বাস্তবায়িত হয়নি। বাবুর স্বপ্ন ছিল সারা দেশে চন্দননগরের আলোর শিল্পকে ছড়িয়ে দেওয়া। বাবার সেই স্বপ্নই এবার নিজের মতো করে পূরণ করতে চান সুস্বেতা।
9
10
সুস্বেতা বলেন, বাবার স্বপ্ন ছিল সারা দেশে চন্দননগরের আলো নিয়ে কাজ করা। আমারও ইচ্ছা গোটা দেশে কাজ করার। বাবার কাছ থেকে যতটা পারছি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার পক্ষে যতটা সম্ভব, ততটাই এগিয়ে নিয়ে যাব।চন্দননগরের আলোকশিল্পের জগতে মহিলা শিল্পীর সংখ্যা হাতে গোনা। সেই জায়গায় বাবার উত্তরসূরি হয়ে মায়ের সঙ্গে কাজ করে চলেছেন সুস্বেতা।
10
10
তিনি বলেন, চন্দননগরের বুকে আমি আর মা প্রথম মহিলা, যারা ইলেকট্রিকের কাজ করছি। এটা আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা। তবে আমাদের সঙ্গে যারা কাজ করছেন, তাঁরা প্রচণ্ড সাহায্য করেছেন।