কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ল্যাপটপ ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র কেনার নিয়মে পরিবর্তন আনল কেন্দ্র। নতুন নির্দেশিকায় বাড়ানো হয়েছে ল্যাপটপ কেনার সর্বোচ্চ খরচের সীমা। নির্দিষ্ট শর্তে চার বছর পর সরকারি ল্যাপটপ নিজের কাছেই রাখার সুযোগ পাবেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
2
13
১০ নভেম্বর অর্থ মন্ত্রকের ব্যয় দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় সপ্তম বেতন কমিশনের বেতনস্তর অনুযায়ী আধিকারিকদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
3
13
পে লেভেল ১২ এবং তার ঊর্ধ্বে: সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদিত কর্মীসংখ্যার ১০০ শতাংশ আধিকারিককে ল্যাপটপ বা সমজাতীয় যন্ত্র দেওয়া যেতে পারে।
4
13
পে লেভেল ৮ থেকে ১১: অনুমোদিত কর্মীসংখ্যার সর্বোচ্চ ৫০ শতাংশ আধিকারিক এই সুবিধা পাবেন। তবে কাজের প্রয়োজন বিবেচনা করে দপ্তরের সচিব অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এই সীমা ৭৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারবেন।
5
13
কেন্দ্রের প্রত্যেক কর্মী নতুন ল্যাপটপ পাবেন না। দপ্তরের প্রয়োজন, অনুমোদিত কর্মীসংখ্যা এবং বাজেটের উপর নির্ভর করবে বরাদ্দ। নতুন নিয়মে ল্যাপটপ, ট্যাবলেট, নোটবুক, আলট্রাবুক এবং একই ধরনের যন্ত্র কেনার খরচের সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে।
6
13
সাধারণ যন্ত্র কেনার ক্ষেত্রে সর্বোচ্চ খরচ ১.৫ লক্ষ টাকা। ৪০ শতাংশের বেশি মেক ইন ইন্ডিয়া উপাদান রয়েছে, এমন যন্ত্রের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১.৮ লক্ষ টাকা। দু’টি ক্ষেত্রেই প্রযোজ্য কর অতিরিক্ত দিতে হবে।
7
13
এই খরচের সীমার মধ্যে অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস এবং এমএস অফিসের মতো প্রয়োজনীয় সফটওয়্যারের খরচও ধরা হয়েছে। আগে সাধারণ যন্ত্রের ক্ষেত্রে এই সীমা ছিল ১ লক্ষ টাকা এবং মেক ইন ইন্ডিয়া উপাদানযুক্ত যন্ত্রের ক্ষেত্রে ১.৩ লক্ষ টাকা।
8
13
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও আধিকারিককে দেওয়া ল্যাপটপ বা অন্য যন্ত্র কেনার তারিখ থেকে চার বছর পর্যন্ত সরকারের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। চার বছর ব্যবহার সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট আধিকারিক সেটি নিজের কাছে রাখতে পারবেন। তবে তার আগে দপ্তরকে ওই যন্ত্র থেকে সমস্ত সরকারি তথ্য ও নথি মুছে ফেলতে হবে।
9
13
কোনও আধিকারিক চার বছর পূর্ণ হওয়ার আগেই অবসর নিলে বা চাকরি ছাড়লে, তিনি চাইলে ল্যাপটপটি নিজের কাছে রাখতে পারবেন। তবে সে ক্ষেত্রে অবসরের দিন বা চাকরি ছাড়ার সময় যন্ত্রটির যে অবশিষ্ট মূল্য থাকবে, সেই টাকা দিতে হবে।
10
13
নির্দেশিকা অনুযায়ী, প্রতি বছর ২৫ শতাংশ হারে মূল্যহ্রাস হিসাব করা হবে। সেই হিসাবের ভিত্তিতেই নির্ধারিত হবে কত টাকা দিয়ে যন্ত্রটি নিজের কাছে রাখা যাবে।
11
13
সাধারণ নিয়মে, কোনও আধিকারিককে একটি যন্ত্র দেওয়ার পর চার বছর পূর্ণ হওয়ার আগে দ্বিতীয় যন্ত্র বরাদ্দ করা যাবে না। তবে পুরনো যন্ত্রটি যদি মেরামতের অযোগ্য হয়ে পড়ে, সে ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।
12
13
মেরামতের খরচ যন্ত্রটির অবশিষ্ট মূল্যের ৫০ শতাংশের বেশি হলে সেটিকে 'বিয়ন্ড ইকোনমিক্যাল রিপেয়ার' বা অর্থনৈতিকভাবে মেরামতের অযোগ্য বলে বিবেচনা করা হবে। এমন পরিস্থিতিতে পুরনো যন্ত্রটি বিনা খরচে আধিকারিকের কাছে থেকে যাবে এবং নতুন যন্ত্র পাওয়ার সুযোগ তৈরি হবে।
13
13
অর্থ মন্ত্রকের নতুন নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের মন্ত্রক ও দপ্তর এবং তাদের অধীনস্থ ও সংযুক্ত অফিসগুলির আধিকারিকদের জন্য প্রযোজ্য। তবে মন্ত্রী ও তাঁদের ব্যক্তিগত কর্মী, রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউ, রাজ্য সরকার, স্বশাসিত ও বিধিবদ্ধ সংস্থা এবং মন্ত্রকে নিযুক্ত পরামর্শদাতারা এই নির্দেশিকার আওতায় পড়বেন না।