প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রান। দীর্ঘ ২১ বছরের ক্রিকেটজীবন। ঘরোয়া ক্রিকেটে একের পর এক সাফল্য। তবুও ভারতীয় সিনিয়র দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন পূরণ হয়নি তাঁর। অথচ সেই অমল মুজুমদারের হাত ধরেই ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাঁর কোচিংয়েই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারত। ক্রিকেটার হিসেবে যে স্বপ্ন একদিন অধরা থেকে গিয়েছিল, কোচ হিসেবে যেন তার চেয়েও বড় সাফল্য ছুঁয়ে ফেলেছেন তিনি।
2
8
গত ১১ নভেম্বর ছিল অমল মুজুমদারের জন্মদিন। সেই উপলক্ষেই ফিরে দেখা যাক তাঁর ক্রিকেটজীবনের এক অন্যরকম গল্প।
3
8
ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন অমল। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই ২৬০ রানের দুরন্ত ইনিংস খেলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ১১,১৬৭-রও বেশি রান। অথচ জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বারবার পিছিয়ে পড়তে হয়েছে তাঁকে। সেই সময় ভারতীয় ক্রিকেটে শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের মতো তারকাদের দাপট। প্রতিভা ও পারফরম্যান্স থাকা সত্ত্বেও সেই তারকাখচিত ব্যাটিং লাইনআপে জায়গা করে নিতে পারেননি অমল।
4
8
মজার বিষয় হল, অমল নিজেও ছিলেন শচীন তেন্ডুলকরের বড় ভক্ত। মাস্টার ব্লাস্টারকে ঘিরে ছোটবেলার একাধিক স্মৃতি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে শেযার করেছেন তিনি।
5
8
একবার একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অমল জানিয়েছিলেন, তখন তিনি ষষ্ঠ বা সপ্তম শ্রেণির ছাত্র। তাঁর স্কুল বিপিএম খেলছিল সারদাশ্রমের বিরুদ্ধে। কিন্তু প্রথম একাদশে জায়গা না হওয়ায় তাঁকে স্কোর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ম্যাচেই একদিনে ২৭৫ রান করেছিলেন শচীন। স্কোরবুকে শচীনের প্রতিটি রান লিখে রেখেছিলেন অমল। আঙুলে ব্যথা হলেও সেই কাজ করতে তাঁর দারুণ আনন্দ হয়েছিল।
6
8
সেদিনের সেই অভিজ্ঞতাই বদলে দিয়েছিল তাঁর জীবনের গতিপথ। বাড়ি ফিরে বাবাকে জানিয়ে দিয়েছিলেন, তিনি স্কুল বদলাতে চান। ভর্তি হতে চান সারদাশ্রমে। কারণ, সেখানে পড়ত তেন্ডুলকর নামে এক ছেলে, যে তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল। শেষ পর্যন্ত ১৯৮৭ সালে সারদাশ্রমে ভর্তি হন অমল। তাঁর কথায়, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সেটাই। সেই স্কুলে না গেলে হয়তো আজকের অমল মুজুমদার হয়ে ওঠা সম্ভব হত না।
7
8
শচীনকে ঘিরে আরও একটি স্মৃতি মনে রেখেছেন তিনি। ১৯৮৯ সালের শিয়ালকোট টেস্টের কথা। দূরদর্শনে দেখানো হচ্ছিল ম্যাচটি। শচীন তখন ব্যাট করছেন। সেই সময় প্রতিবেশীর বাড়ির ফোন থেকে মায়ের অফিসে তিনি ফোন করেছিলেন। মাকে বলেছিলেন, ''শচীন ব্যাট করছে, আজ স্কুলে যাব না।'' ছেলের এই অনুরোধ মেনে নিয়েছিলেন মা।
8
8
দীর্ঘ ২১ বছরের ক্রিকেটজীবনে ইতি টানেন ২০১৪ সালে। কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি অমল। বরং নতুন ভূমিকায় নিজেকে গড়ে তোলেন। ২০২৩ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। এরপর তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় এক নতুন উচ্চতায় পৌঁছয় ভারতীয় মহিলা ক্রিকেট। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লেখায় দল। অমল মুজুমদারও অবশেষে ন্যায়বিচার পেলেন।