ভাবুন তো, বিয়ের আগে পাত্রীর বাবা বসেছেন পাত্রপক্ষের সঙ্গে দরদামে! কোথাও আবার মেয়ের সৌন্দর্য, কুমারীত্ব এবং পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে ঠিক হচ্ছে ‘দাম’। বুলগেরিয়ার একটি বিশেষ রোমা সম্প্রদায়ের মধ্যে এমনই এক বিতর্কিত ‘ব্রাইড মার্কেট’-এর প্রচলন রয়েছে।
2
10
বুলগেরিয়ার স্টারা জাগোরায় বসে এই বিশেষ ‘ব্রাইড মার্কেট’। প্রতি বছর বসন্ত কালে আয়োজিত এই জমায়েত মূলত কালাইদঝি রোমা সম্প্রদায়ের তরুণ-তরুণীদের বিয়ের অন্যতম সুযোগ।
3
10
কালাইদঝিরা বৃহত্তর রোমা জনগোষ্ঠীর একটি ছোট সম্প্রদায়। জনসংখ্যা প্রায় ১৮ হাজার। এই জনগোষ্ঠীর অন্যতম রীতি হল নিজেদের সম্প্রদায়ের মধ্যেই বিয়ে করা।
4
10
মেলায় অবিবাহিত তরুণীরা স্কার্ট, রঙিন পোশাক, মাথায় স্কার্ফ, গলায়-কানে-আঙুলে ঝলমলে সোনার গয়না পরে হাজির হন। সম্ভাব্য পাত্র ও তাঁদের পরিবার নজর রাখেন পাত্রীর দিকে।
5
10
রক্ষণশীল সামাজিক কাঠামোয় বিশ্বাসী এই সম্প্রদায়ে প্রেম বা ডেটিংকে উৎসাহ দেওয়া হয় না। বাইরের সম্প্রদায়ে বিয়েও দেওয়া হয় না। ফলে এই মেলাই অনেক তরুণ-তরুণীর জীবনসঙ্গী বেছে নেওয়ার সুবর্ণ সুযোগ।
6
10
দরদামের বিষয়ও রয়েছে। পাত্র বা পাত্রীর একে অপরকে পছন্দ হলে প্রথমে সম্মতি নেওয়া হয়। এরপরে দুই পরিবার আলোচনায় বসে। সেখানেই শুরু হয় বিয়ের জন্য অর্থ নিয়ে দরদাম। নৃতত্ত্ববিদ ভেলচো ক্রুস্তেভের দাবি, টাকা সঙ্গে কুমারীত্বের বিষয়টিও জড়িত থাকে।
7
10
একটি ঘটনায় ১৮ বছরের হ্রিস্তোস জর্জিয়েভ ও ১৮ বছরের ডোনকা দিমিত্রোভার পরিবারের মধ্যে প্রায় ৭,৫০০ থেকে ১১,৩০০ ডলার পর্যন্ত দরদাম হয়েছিল। সুন্দরী পাত্রীর ক্ষেত্রে টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে দাবি।
8
10
এই সম্প্রদায়ের অনেক পরিবার মেয়েদের অল্প বয়সেই বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। অনেক মেয়েকে অষ্টম শ্রেণির পরেই স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হয়। এর ফলে শিক্ষা ও নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ থাকে না।
9
10
কালাইদঝিদের কাছে এই প্রথা তাঁদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। কিন্তু কোনও ঐতিহ্যের নামে মেয়েদের জীবন, শিক্ষা ও ভবিষ্যৎ কতটা পরিবারের হাতে তুলে দেওয়া যায়? একটি তথ্যচিত্রের নির্মাতার বক্তব্যেও পারিবারিক চাপের কারণে মেয়েদের পছন্দের স্বাধীনতা সীমিত হওয়ার কথা বলা হয়েছে।
10
10
সময় বদলাচ্ছে, বদলাচ্ছে ‘ব্রাইড মার্কেট’-ও। পুরনো রীতির মধ্যেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আগের তুলনায় তরুণ-তরুণীদের নিজেদের পছন্দের গুরুত্ব বাড়ছে। ফলে এই ‘ব্রাইড মার্কেট’ এখন শুধু বিয়ের দরদামের জায়গা নয়, বরং পুরনো ঐতিহ্য আর বদলে যাওয়া প্রজন্মের চিন্তার সংঘাতের এক অদ্ভুত ছবি।