বঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। তবে এবারের নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং প্রলোভনমুক্ত করতে নজিরবিহীনভাবে কোমর বেঁধে নেমেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে ভোটারদের প্রভাবিত করতে মদের অপব্যবহার এবং বেআইনি অর্থের লেনদেন রুখতে রণকৌশল সাজিয়েছে প্রশাসন। এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দপ্তর এক কঠোর অবস্থান গ্রহণ করেছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের প্রচারে কুপনের মাধ্যমে মদ বিলি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স সরাসরি বাতিল করা হবে।
2
5
পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির হার বরাবরই বেশি। তাই নির্বাচনের সময় এখানে মদের অবৈধ কারবার বাড়ার আশঙ্কা থাকে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি জেলার ২৯২ জন লাইসেন্সপ্রাপ্ত মদ ব্যবসায়ীর সঙ্গে জরুরি বৈঠক করেন আবগারি দপ্তরের আধিকারিকরা। বৈঠকে জানানো হয়েছে, প্রতিদিনের বিক্রির খতিয়ান কমিশনকে পাঠাতে হবে। কোনও একজন ক্রেতাকে একলপ্তে বিপুল পরিমাণ মদ বিক্রি করা যাবে না। আবগারি দপ্তরের সুপার মণীশ শর্মা জানিয়েছেন, "ভোটের সময় মদের অপব্যবহার রুখতে আমরা সবরকম পদক্ষেপ নিয়েছি। কোনওভাবেই কুপন বা টোকেন প্রথা সহ্য করা হবে না।"
3
5
কেবল পূর্ব মেদিনীপুর নয়, সমগ্র রাজ্যজুড়েই আদর্শ আচরণবিধি (MCC) কার্যকর করতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর সূত্রে খবর, ২৩ এবং ২৯ এপ্রিলের দুই দফার ভোটের আগে রাজ্যজুড়ে চালানো তল্লাশিতে এখন পর্যন্ত ১৮১ কোটি টাকারও বেশি মূল্যের নগদ অর্থ, মদ, মাদক এবং বিভিন্ন উপহার সামগ্রী (Freebies) বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনি নগদ বণ্টন এবং মাদক পাচার রুখতে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
4
5
শুধু মাদক বা নগদ নয়, প্রচারের ক্ষেত্রেও নিয়ম ভাঙলে রেয়াত করছে না কমিশন। সরকারি ও বেসরকারি সম্পত্তিতে অনুমতিহীন পোস্টার ও দেওয়াল লিখন মোছার কাজ চলছে জোরকদমে। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩,১১,৮২৯টি সরকারি সম্পত্তি এবং ১৯,৯০১টি বেসরকারি সম্পত্তি বিরূপকরণের ঘটনা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন জেলায় মোট ৩,৫৮,৯৮৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে।
5
5
পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ইতিমধ্যেই ১৬টি জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। ওড়িশা সীমানা সংলগ্ন দিঘা ও রামনগরে ২৪ ঘণ্টা তল্লাশি চলছে। এমনকি জলপথেও নজরদারি বাড়াতে কুকড়াহাটি ও মহিষাদলে বিশেষ নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোটগ্রহণ। নিয়ম মেনে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল ভোট শেষ না হওয়া পর্যন্ত জেলাজুড়ে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। একইভাবে, আগামী ৪ মে ভোট গণনার দিনও থাকবে 'ড্রাই ডে' বা শুষ্ক দিবস। প্রশাসনের এই অতি-সক্রিয়তায় রাজনৈতিক দলগুলোর অন্দরে চাঞ্চল্য তৈরি হলেও, সাধারণ মানুষের মতে—অবাধ নির্বাচনের স্বার্থে এই কড়াকড়ি অত্যন্ত জরুরি।