সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে? এবার থেকে আর আধার কার্ডকে উপভোক্তাদের টাকা দেওয়ার প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে না।
2
10
তার পরিবর্তে উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান এবং ভোটার কার্ডের EPIC নম্বরের ভিত্তিতে টাকা দেওয়ার প্রক্রিয়া চালু করার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। যদিও ঠিক কোন কোন সরকারি প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে, তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্র।
3
10
'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদন অনুযায়ী, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত 'ন্যাশনাল ওয়ার্কশপ অন পিপলস প্ল্যান ক্যাম্পেন ২০২৬-২৭' অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।
4
10
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রায় প্রতিটি এলাকায় আধার কার্ড তৈরির কেন্দ্র রয়েছে। ফলে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আধার কার্ড তৈরি করা সম্ভব হচ্ছে।
5
10
তাঁর কথায়, মাত্র পাঁচ মিনিটের মধ্যেও আধার কার্ড তৈরি করে দেওয়া যেতে পারে। সেই কারণে সরকারি প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড আর প্রধান ভিত্তি থাকবে না। পরিবর্তে বায়োমেট্রিক তথ্য এবং ভোটার কার্ডের EPIC নম্বরকে পরিচয় যাচাইয়ের ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে।
6
10
নতুন ব্যবস্থায় সরকারি প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের জন্য আঙুলের ছাপ কিংবা চোখের মণির স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্য দিতে হতে পারে। পাশাপাশি প্রয়োজন হবে ভোটার কার্ডের EPIC নম্বর। এই দুই তথ্যের ভিত্তিতেই উপভোক্তার পরিচয় নিশ্চিত করে আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী।
7
10
তবে এর অর্থ এই নয় যে, অবিলম্বে সরকারি প্রকল্প থেকে আধার ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। আপাতত মন্ত্রীর বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে, সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে আধার আর পরিচয় যাচাইয়ের প্রধান মাধ্যম হিসেবে থাকবে না।
8
10
বর্তমানে কেন্দ্রের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে আধার গুরুত্বপূর্ণ। PM-Kisan, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G এবং জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় পেনশন দেওয়ার ক্ষেত্রে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। ফলে নতুন ঘোষণা কার্যকর হলে এই প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ম নিয়েও প্রশ্ন উঠছে।
9
10
তবে কোন কোন প্রকল্পে নতুন নিয়ম চালু হবে, আধারবিহীন বা ভোটার কার্ড না থাকা উপভোক্তারা কীভাবে টাকা পাবেন এবং বায়োমেট্রিক যাচাইয়ে সমস্যা হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি। নতুন নিয়ম কার্যকরের কোনও নির্দিষ্ট সময়সীমা বা সরকারি নির্দেশিকাও প্রকাশিত হয়নি।
10
10
পাশাপাশি আত্মনির্ভর ও উন্নত পঞ্চায়েত গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় অনুদানের পাশাপাশি পঞ্চায়েতগুলিকে নিজেদের আয়ের উৎস বাড়াতে হবে। তবেই কর্মদক্ষতার ভিত্তিতে অনুদান পাওয়ার যোগ্যতা তৈরি হবে। ফলে আধার নিয়ে এই ঘোষণা বাস্তবে কীভাবে কার্যকর হয়, সেদিকেই নজর থাকবে সাধারণ মানুষের।