গরমের ছুটি মানেই উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি। বরাবরের মতো এই গরমে, মে মাসের একদম শেষে এই প্রযোজনা সংস্থার নতুন ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড' মুক্তি পেয়েছে। এই ছবির গল্প আবর্তিত হয়েছে অর্জুন চক্রবর্তীর চরিত্রের মৃত্যু রহস্য কেন্দ্র করে। কিন্তু তার মাঝে একটা বিড়াল এল কীভাবে? আর কেনই বা তার নাম 'এডওয়ার্ড' হল? আজকাল ডট ইনের কাছে সেটাই জানালেন এই ছবির চিত্রনাট্যকার জিনিয়া সেন। 

'এডওয়ার্ড' নামটার সঙ্গে একটা ছোট্ট গল্প জড়িয়ে আছেন বলেই জানালেন জিনিয়া সেন! শুধু তাই নয়, এই গল্পের সঙ্গে জড়িয়ে গিয়েছেন আলিয়া ভাটও! কীভাবে? জিনিয়া সেন এদিন বলেন, "ফুল পিসির রহস্যময় বিড়াল হল এডওয়ার্ড। কিন্তু একটা মজার গল্প জড়িয়ে রয়েছে এই নামের সঙ্গে। পরিচালকরা একটা সময় ভেবেছিলেন আদৌ এই নামটা কাজ করবে কিনা। কারণ ছবির টার্গেট অডিয়েন্স তো বাঙালি। ফলে একটা বাংলা নাম বাছাই বাঞ্ছনীয়। এমনকী একটা সময় আমি ওর নাম 'বীরবল' রেখেছিলাম। তখন ছবির নাম 'ফুল পিসি ও বীরবল' হয়েও এসেছিল। কিন্তু তারপরে দিদি (নন্দিতা রায়) ঠিক করে যে সোহিনী যেভাবে এডওয়ার্ড কথাটা বলছে সেটা ভাল লাগছে, আর এটা একেবারেই ফুল পিসির সঙ্গে কনট্রাস্ট একটা নাম। সেই কারণে ওটা 'ফুল পিসি ও এডওয়ার্ড' রাখা হয়।" 

এই ছবির সঙ্গে আলিয়া ভাট কীভাবে জড়িয়ে গেলেন? সেই প্রসঙ্গে চিত্রনাট্যকার বলেন, "এডওয়ার্ডের নেপথ্যের গল্প হল, আলিয়া ভাটের একটা বিড়াল আছে, তার নাম এডওয়ার্ড। আর সেই বিড়ালের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ইতিহাস, যা ও অনেকবার প্রকাশ্যে বলেছে। ওর ওই গল্পটা আমার মনে থেকে গিয়েছিল যে, ভালবাসা হয়তো মরে যায়, কিন্তু ভালবাসার যাঁরা মানুষ তাঁরা ভাল থাকে, আর ওটাই খুব জরুরি। আর সেই ভালবাসার নামের একটা উদাহরণ আমার কাছে থেকে গিয়েছিল 'এডওয়ার্ড' হিসেবে। যখন রহস্যজনক বিড়াল নিয়ে আমরা কিছু করতে চাইলাম, তখন এডওয়ার্ড নাম রাখা হয়। আর সোহিনীর একটা একদম আলাদা উচ্চরণের স্টাইল রয়েছে। সেই স্টাইলে উনি যখন 'এডওয়ার্ড, এডওয়ার্ড' বলেন তখন সেটা খুবই বিশ্বাসযোগ্য মনে হয়। আমরা যেহেতু কোনও টাইম ফ্রেম দেখাইনি, তাই এডওয়ার্ড নামটা আসতেই পারে বলে আমাদের মনে হয়েছে। তবে বাঙালি দর্শক এডওয়ার্ডকে পছন্দ করবে কি করবে না, বুঝতে পারছিল না তাই ওর নাম একবার বীরবল রাখা হয়।" 

প্রসঙ্গত, 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিটিতে ফুল পিসির চরিত্রে দেখা গিয়েছে সোহিনী সেনগুপ্তকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী, শ্যামৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু, রাইমা সেন, অনামিকা চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে ছবিটি ভালই ব্যবসা করছে। দর্শকদের থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি।