নতুন ধারাবাহিক আসতেই পুরনো ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে! ১ জুন থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে নতুন মেগা 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। সন্ধে সাতটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিককে। কিন্তু এতদিন এই স্লটে দর্শক দেখতেন 'কুসুম'কে। এবার 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'র জন্য কি শেষ হয়ে যাবে এই ধারাবাহিক? নতুন মেগার স্লট ঘোষণা হতেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা।
তবে জানা যাচ্ছে, এখনই শেষ হবে না কুসুম-আয়ুষ্মানের গল্প। বরং বদলে যাবে সম্প্রচারের সময়। টলিপাড়ার অন্দরের খবর, এখন থেকে সন্ধে ছটায় দেখা যাবে এই মেগাকে। এতদিন এই সময়ে দর্শক দেখতেন 'সাত পাকে বাঁধা'। তবে এবার নাকি 'চিরদিনই তুমি যে আমার' শেষ হওয়ার ফলে বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে ওই ধারাবাহিককে। ফলে স্লটের রদবদল যে হতে চলেছে তা বোঝাই যাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে 'কুসুম'-এর নতুন স্লট নিয়ে কিছু জানা যায়নি। আনুষ্ঠানিক ঘোষণার জন্য তাই অপেক্ষায় দর্শক মহল। প্রতি সপ্তাহে টিআরপিতে এক থেকে দশের মধ্যেই থাকতে দেখা যায় এই ধারাবাহিককে। তবুও কেন 'কুসুম'-এর স্লট হাতছাড়া হল, তা যদিও জানা যায়নি।
প্রসঙ্গত, এখন একবারে জমে উঠেছে 'কুসুম'-এর গল্প। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল আয়ুষ্মানের সঙ্গে কুসুমের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না কুসুমের বাবা। প্রথম থেকেই দু'জনের প্রেমের আঁচ পেয়ে বাধ সেধেছিল সে। কিন্তু কুসুম বাবার কথা শোনেনি। আয়ুষ্মানকেই মন দিয়ে বসেছে সে। আর এবার তাদের ভালবাসা আরও মজবুত হচ্ছে। এবার নিজের হাতে মেয়েকে বিষ খাইয়েছে কুসুমের বাবা! কুসুমকে পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় সে। কপাল জোরে বেঁচে যায় কুসুম। কিন্তু আয়ুষের সঙ্গে তাঁর ভালবাসা কীভাবে সব বাধা পেরিয়ে স্বীকৃতি পাবে, এখন সেটাই দেখার।















