কিছুদিন ধরেই জি বাংলার ধারাবাহিক 'দাদামণি' শেষ হওয়ায় খবর শোনা যাচ্ছিল। বার বার সময় বদল হওয়ায় চাপের মুখে রয়েছে এই মেগা, রটেছিল এমনটাই। এবার কি তবে জল্পনা সত্যি হতে চলেছে? রবিবারের মধ্যে শেষ হতে পারে 'দাদামণি', এমনই গুঞ্জন। 

গত ফেব্রুয়ারি মাসে প্রথমে 'দাদামণি' স্লট বদল হয়। রাত ১০.১৫ থেকে দেখা যায় এই ধারাবাহিক। এরপর ফের বদল আসে এই ধারাবাহিক সম্প্রচারের সময়ে। গত ২৭ মার্চ থেকে রাত ১১:০০ সম্প্রচারিত হচ্ছে এই মেগা। জানা গিয়েছিল, জি বাংলার আসন্ন দুই মেগা 'কমলা নিবাস' ও 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'-দের স্লট দেওয়ার জন্যই এই বদল। যদিও অনেকেই মনে করছেন যে, এই বদল নাকি 'দাদামণি' শেষ হবে বলেই করা হয়েছিল। 

গত বছর ৭ জুলাই থেকে শুরু হয়েছিল 'দাদামণি'। প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী অভিনীত এই সিরিয়ালটি চার বোন ও তাদের দাদার সম্পর্কের গল্প নিয়ে তৈরি। বিভিন্ন সময়ে গল্পে আসে নানা মোড়। যা দর্শকের আগ্রহ তৈরি করে। কিন্তু এখন‌ প্রতিটি ধারাবাহিকের টিআরপি-ই শেষ কথা। সেক্ষেত্রে ঘন ঘন স্লট বদলে এই ধারাবাহিকের রেটিং চার্টে প্রভাব পড়ে বলে মত অনেকের। গত দু'সপ্তাহে টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি 'দাদামণি'। ফলে খবর রটেছে, এক বছরের আগেই শেষ হতে পারে এই ধারাবাহিক। 

প্রসঙ্গত, সম্প্রতি টলিপাড়ায় একধাক্কায় বেশ কয়েকটি ধারাবাহিকের ভবিষ্যৎ থমকে গিয়েছে। রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর পর স্টুডিওপাড়ার মিটিংয়ে সিদ্ধান্ত হয়, 'ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স' বা তার সঙ্গে জড়িত কোনও ধারাবাহিকে কলাকুশলীরা অংশ নেবেন না। সেই তালিকায় রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা' এবং 'চিরসখা'।  

অনিশ্চয়তার মুখে পড়ে যায় 'কনে দেখা আলো' ধারাবাহিকটিও। সরাসরি ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার মেগা নয় জি বাংলার 'কনে দেখা আলো'। এই মেগার দায়িত্বে রয়েছে লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের অর্গানিক স্টুডিও। ফলে খবর আসে, যবনিকা পড়তে চলেছে 'কনে দেখা আলো' ধারাবাহিকেও।