ফের বড়সড় চমক দিল যশরাজ ফিল্মস। প্রথম যশ চোপড়া এবং তারপরে আদিত্য চোপড়ার হাত ধরে যে প্রযোজনা সংস্থা বরাবরই রোম্যান্টিক ও অ্যাকশন ঘরানার জন্য পরিচিত, সেই সংস্থার এই ‘মৌলিক পরিবর্তন’ বা স্ট্র্যাটেজিক শিফট বলিউডের জন্য নিঃসন্দেহে বড় খবর। 

 

৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভৌতিক ছবির ঘরানার পা রাখতে চলেছে যশরাজ ফিল্মস। ‘রকেট বয়েজ’ সিরিজ খ্যাত পরিচালক অভয় পান্নুর হাত ধরে আসতে চলেছে এই ভৌতিক ছবি। তবে খবর শুধু এটুকুই নয়! ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই প্রজেক্টটি যশরাজ ফিল্মসের এক নতুন কর্মপদ্ধতি বা ‘স্ট্র্যাটেজিক শিফট’-এর প্রতিফলন।

 

যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানীর নেতৃত্বে সংস্থাটি এখন একটি নতুন মডেলে কাজ করছে। এখন থেকে ওয়াইআরএফ-এর সিনেমাগুলোকে দুটি ভাগে ভাগ করে তৈরি করা হবে:

১. আদিত্য চোপড়া নিয়ন্ত্রিত স্লট: যা প্রথাগত এবং বড় বাজেটের ছবির দিকে নজর দেবে।

২. অক্ষয় বিধানী নিয়ন্ত্রিত স্লট: যা নতুন প্রজন্মের গল্পকার, নতুন ঘরানা এবং পরীক্ষামূলক প্রজেক্টের দিকে ফোকাস করবে।

 

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আদিত্য চোপড়া এই প্রথমবার নিজের প্রোডাকশন হাউসের পরিচালনার ক্ষেত্রে এই ধরনের ক্ষমতা ও দায়িত্ব ভাগ করেছেন। কন্টেন্ট তৈরির দায়িত্ব তিনি পুরোপুরি তুলে দিয়েছেন অক্ষয় বিধানীর কাঁধে।

 

তা কেন এই পরিবর্তন?

‘সাইয়ারা’-র সাফল্যের পর থেকেই যশ রাজ ফিল্মস সংস্থার সিইও অক্ষয় বিধানী নতুন প্রজন্মের গল্পকারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। লক্ষ্য একটাই—যশরাজ ফিল্মসের স্টোরিটেলিংয়ের ক্যানভাসকে আরও বড় করা। সেই পরিকল্পনা থেকেই মোহিত সুরি, সমীর সাক্সেনা এবং অভয় পান্নুর মতো নতুন প্রজন্মের পরিচালকদের সঙ্গে হাত মিলিয়েছে ওয়াইআরএফ। অভয় পান্নুর ভূতের ছবি সেই পরিবর্তনেরই প্রথম বড় স্বাক্ষর।

 

যশ রাজ ফিল্মস-এর এই নতুন ধারায় এখন প্রাধান্য পাচ্ছেন নতুন সময়ের পরিচালকরা। আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে যেমন ছবি তৈরি হচ্ছে, তেমনই অক্ষয় বিধানীর অধীনে তৈরি হচ্ছে নতুন ঘরানার ছবি। এই ‘দ্বৈত মডেল’ যশরাজ ফিল্মসের ভবিষ্যৎ যাত্রাকে আরও মসৃণ করবে এবং গতি আনবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অভয় পান্নুর এই ভূতের ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং ২০২৬ সালের শেষের দিকেই এর শুটিং শুরু হবে। ৫০ বছরের ঐতিহ্যবাহী যশরাজ ফিল্মসের এই ‘ভয়ের দুনিয়া’ এবং তাদের নতুন এই ব্যবসায়িক মডেল বলিউডের মোড় ঘুরিয়ে দিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।