‘বিস্ট’ রণবীর! ধুরন্ধর ২ এর শুটিং সেটে  এই নামেই রণবীরকে ডাকতেন স্টান্ট ডিরেক্টর৷ 
বলিউডে নিজের ক্যারিশমা এবং অভিনয় দক্ষতা দিয়ে বরাবরই আলাদা জায়গা করে নিয়েছেন রণবীর সিং। আর এবার ‘ধুরন্ধর ২’ ছবির সেটে তাঁর কাজ দেখে কার্যত মুগ্ধ ছবির স্টান্ট ডিরেক্টর।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রণবীরকে “একেবারে বিস্ট—অবিশ্বাস্য এনার্জিতে ভরপুর” এই বলে উল্লেখ করেছেন। 

স্টান্ট ডিরেক্টরের কথায়, "রণবীর শুধু ভাল অভিনয় করেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রেও তিনি সমানভাবে মনোযোগী। প্রতিটি ফাইট সিনের আগে তিনি মন দিয়ে পর্যবেক্ষণ করেন এবং এমনকি নিজের হাতে নোটও নেন—যা নাকি তিনি আগে কোনো অভিনেতার ক্ষেত্রে দেখেননি।" 

এই ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো তৈরি করতে আন্তর্জাতিক মানের একাধিক স্টান্ট টিম কাজ করেছে। পরিচালক আদিত্য ধর তাঁর ভাবনাচিন্তা অনুযায়ী প্রতিটি দৃশ্যকে বাস্তবসম্মত এবং দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে চেয়েছেন। রণবীরের নিবিড় পরিশ্রম বড় ভূমিকা নিয়েছে বলেই মনে করছেন নির্মাতারা। 

‘ধুরন্ধর ২’ একটি স্পাই-অ্যাকশন থ্রিলার, যেখানে রণবীর সিং-এর চরিত্রটি অত্যন্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের মাধ্যমে নির্মিত৷ ছবির জন্য তাঁকে কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুটিংয়ের সময় একাধিক বিপজ্জনক দৃশ্যও তিনি নিজে করেছেন বলে জানা গেছে।

স্টান্ট ডিরেক্টরের মতে, “রণবীরের মধ্যে যে প্যাশন ও কাজ করার খিদে রয়েছে, তা তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেয়।” তাঁর এই একাগ্রতাই ছবির অ্যাকশন দৃশ্যগুলোকে আরও বাস্তব ও আকর্ষণীয় করে তুলেছে।

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’। 

রণবীর সিং আবারও প্রমাণ করলেন—তিনি শুধু একজন অভিনেতা নন, বরং একজন পরিপূর্ণ পারফর্মার, যিনি নিজের কাজকে আরও নিখুঁত করার জন্য যে কোনও বিষয় প্রচেষ্টা করতে প্রস্তত।