বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপ (Ayushmann Khurrana এবং Tahira Kashyap)। দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব আর একসঙ্গে জীবনের নানা লড়াই পেরিয়ে আজ তাঁরা অনেকের কাছেই “পারফেক্ট কাপল”। কিন্তু জানেন কি, একসময় নিজেই তাহিরার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন আয়ুষ্মান? আর সেই সিদ্ধান্তের কারণ ছিল তাঁর হঠাৎ পাওয়া জনপ্রিয়তা! 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা নিজের জীবনের সেই পুরনো অধ্যায়ের কথা খুলে বলেন। অভিনেতার কথায়, একটি রিয়েলিটি শো জেতার পর আচমকাই তাঁর জীবনে জনপ্রিয়তা আসে৷ চারিদিকে তাঁকে ঘিরে আলোচনা৷ তখন বয়স খুব কম, আর সেই বয়সেই খ্যাতির ঝলক তাঁকে বদলে দিয়েছিল। তিনি জানান, সেই সময় তিনি তাহিরাকে বলেছিলেন যে তাঁর কাছে “সম্পর্কের জন্য সময় নেই” এবং তিনি নিজের জীবন নিয়ে এগোতে চান। 

আয়ুষ্মান মজার ছলেই বলেন, তখন তিনি একেবারে “রেড ফ্ল্যাগ” ছিলেন। কারণ জনপ্রিয়তা পাওয়ার পর অনেক মেয়েই আয়ুষ্মানকে পছন্দ করছিলেন৷ আর সেই নতুন নতুন জনপ্রিয়তা খ্যাতি তাঁকে বিভ্রান্ত করে দিয়েছিল। অভিনেতার কথায়, খুব অল্প বয়সে সাফল্য সামলানো সত্যিই কঠিন। সেই কারণেই তিনি কয়েক মাসের জন্য তাহিরার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। 

কিন্তু এই বিচ্ছেদ বেশিদিন স্থায়ী হয়নি। প্রায় ছ’মাস পর আয়ুষ্মান বুঝতে পারেন, তাহিরাকে ছাড়া তিনি থাকতে পারছেন না। এরপর আবার তিনি তাহিরার কাছে ফিরে যান এবং সম্পর্ক নতুন ভাবে শুরু হয়। ২০০৮ সালে তাঁরা বিয়ে করেন। বর্তমানে তাঁদের দুই সন্তানও রয়েছে।

এই ঘটনা শুনে অনেক অনুরাগী অবাক হলেও, অনেকেই আয়ুষ্মানের সততার প্রশংসা করেছেন। কারণ বলিউডে ব্যক্তিগত জীবনের ভুল স্বীকার করতে খুব কম তারকাকেই দেখা যায়। বর্তমানে আয়ুষ্মান নিজেকে “গ্রিন ফ্ল্যাগ হাজব্যান্ড” বলে মজা করলেও, তাঁর এই স্বীকারোক্তি দেখিয়ে দেয় কীভাবে সময়ের সঙ্গে মানুষ বদলায় এবং পরিণত হয়। 
তাহিরাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক এত বছর টিকে থাকার অন্যতম কারণ হল একে অপরের ব্যক্তিত্বকে সম্মান করা। জীবনের উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা— সবকিছুর মধ্যেই তাঁরা একে অপরের পাশে থেকেছেন। আর সেই কারণেই আজও বলিউডের অন্যতম প্রিয় জুটি হিসেবে দেখা হয় আয়ুষ্মান ও তাহিরাকে।