এখনও দেশবাসীর মনে পহেলগাঁও হামলার স্মৃতি দগদগে। তাই বিবেক অগ্নিহোত্রী এবং ভূষণ কুমারের নতুন ছবি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিনোদন জগতের অন্দরে এখন তুমুল উত্তেজনা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবার ফিরছেন এক নতুন 'মিশন' নিয়ে।পরিচালক নিজেই সমাজমাধ্যমে এই আনুষ্ঠানিক ছবির ঘোষণা করেছেন।
এই ছবির সবচেয়ে বড় বিশেষত্ব হল বিবেক অগ্নিহোত্রী এবং টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের হাত মেলানো। বলিউডের অন্যতম সফল এই দুই মহারথী যখন একসঙ্গে কোনও কাজ করেন, তখন দর্শকের প্রত্যাশার পারদ এমনিতেই আকাশচুম্বী হয়ে যায়। বিবেক অগ্নিহোত্রী এই ছবির ঘোষণা করতে গিয়ে আবেগঘন হয়ে বলেন, “কিছু গল্প আমরা বেছে নিই না, বরং সেই গল্পগুলোই আমাদের বেছে নেয়।” তাঁর মতে, ‘অপারেশন সিঁদুর’ তেমনই এক ছবি।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "অপারেশন সিঁদুর-এর মাধ্যমে ভারত শুধু পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নেয়নি বা পাকিস্তানকে শাস্তি দেয়নি, বরং আধুনিক যুদ্ধে নিজেদের শক্তির এক বিশাল নিদর্শন তুলে ধরেছে। ঠিক কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কীভাবে ঘটেছিল, তা বোঝার জন্য আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সহযোগিতায় অনেক গবেষণা চালিয়েছি। এর ফলে যে সত্যিটা উঠে এসেছে, তা জনসমক্ষে থাকা তথ্যের চেয়ে অনেক বেশি জটিল এবং বিচলিত করার মতো।"
যেভাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ বা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে বিবেক বাস্তব ঘটনাকে সাহসের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ভারতের সেই লড়াকু মানসিকতাকেই কুর্নিশ জানাবে, যা বছরের পর বছর লোকচক্ষুর অন্তরালে থেকে গিয়েছে।
প্রযোজক ভূষণ কুমারের কথায়, “বিবেকের সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে আমি দারুণ গর্বিত। তিনি এমন একজন পরিচালক যিনি মাটির কাছের গল্প বলেন। ‘অপারেশন সিঁদুর’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি আমাদের দেশের সত্যিকারের নায়কদের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি।”
সিনেমাপ্রেমীদের মতে, বিবেক অগ্নিহোত্রীর ছবি মানেই বিতর্ক আর আলোচনার ঝড়। তবে তাঁর গল্পের গভীরতা এবং তথ্যনিষ্ঠ কাজ বারবার সাধারণ মানুষকে সিনেমা হলে টানতে বাধ্য করে। ‘অপারেশন সিঁদুর’ ঠিক কবে মুক্তি পাবে বা ছবির মুখ্য চরিত্রে কাদের দেখা যেতে পারে, তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও সিনেপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই চরম উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। বিবেকের এই নতুন সফর আবারও কোনও বড় রেকর্ড ভাঙবে কি না, এখন সেটাই দেখার।
















