'মেম বউ'-এর পর ফের অভিনয় জগতে ফিরছেন বিনীতা চ্যাটার্জি। এবার আর ছোটপর্দায় নয়, অভিনেত্রীকে দেখা যাবে বড়পর্দায়। আসছে বাংলা ছবি 'ডাব্বা কাকা'। ছবির পরিচালনায় দীপঙ্কর ঘোষ। বিনীতা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋষভ বসু, আরিয়ান ভৌমিক, সোহিনী গুহ রায়, ঐশ্বর্য সেন, অনিন্দ্য সেনগুপ্ত সহ আরও অনেকে।
উল্টো রথের দিন হয়ে গেল ছবির মহরত। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে ছবির প্রথম পোস্টার। সেখানে দেখা যাচ্ছে গ্রামের মেঠো পথে একজন লোক সাইকেল নিয়ে এগোচ্ছেন। কাঁধে রয়েছে একটা ডাব্বা। কী আছে সেই ডাব্বায়? দেখার জন্য তার দিকে ছুটে আসছে গ্রামের কচিকাঁচারা। ডাব্বা কাকার ঝুলিতে কোন গল্প লুকিয়ে আছে? সেই উত্তর দিতে আসছে এই ছবি।

গল্পে বিনীতাকে দর্শক দেখবেন একেবারে বাঙালি বধূর সাজে। ছিমছাম লুক হলেও নাকি বিনীতার চরিত্রে লুকিয়ে আছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আগুন। সহজ-সরল অথচ প্রতিবাদী চরিত্রে এবার ধরা দিতে চলেছেন অভিনেত্রী। ছবিতে তাঁর চরিত্রের নাম 'উমা'।
গল্পের মূল চরিত্র 'ডাব্বা কাকা' হিসেবে দেখা যাবে ঋষভ বসুকে। এই প্রথমবার ঋষভকে এমন এক চরিত্রে দর্শক দেখবেন, যা আগে কখনও দেখেননি। এই ছবির গল্প এগোবে বাস্তবের উপর নির্ভর করে। বাস্তবধর্মী ছবিতে নায়ক-নায়িকা নয়, বরং সমাজের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এগোবে এই ছবি। আর কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে এই ছবির। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতেই বড়পর্দায় আসছে এক্সিলেন্ট পিকচার্সের ব্যানারে 'ডাব্বা কাকা'।
















